ভারতের লড়াই থামিয়ে শক্ত অবস্থানে নিউ জিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টে এরই মধ্যে প্রায় আড়াইশ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন ধ্রুভ জুরেল। শেষ পর্যন্ত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া না পেলেও, দায়িত্বশীল ইনিংসে দলকে লড়াইয়ে রাখলেন তিনি। পরে ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ের ফিফটিতে বড় লিডের ভিত পেল নিউ জিল্যান্ড।
ক্রাইস্টচার্চ টেস্টে রোববার ভারতের প্রথম ইনিংস ২৪৬ রানে গুটিয়ে ১১০ রানের লিড নেয় কিউইরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা।
সব মিলিয়ে সফরকারীদের চেয়ে ২৪৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
১১৭ রানে ৭ উইকেটে হারিয়ে অল্পতে অলআউট হওয়ার শঙ্কায় পড়া ভারতকে টানেন জুরেল। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪টি চারে ৮৮ রান করেন তিনি।
তাকে দারুণ সঙ্গ দেন আকাশ দিপ ও গুরনুর ব্রার। আকাশের সঙ্গে ৪৬ ও ব্রারের সঙ্গে মূল্যবান ৬৪ রানের জুটি গড়েন জুরেল।
প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারা নিউ জিল্যান্ড ওপেনার কনওয়ে এবার ছয়টি চারে করেন ৫১ রান। পাঁচ চারে ৪৬ রানে অপরাজিত আছেন রাচিন রাভিন্দ্রা। ক্রিজে তার সঙ্গী ড্যারিল মিচেল।
৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত নতুন দিনের দ্বিতীয় ওভারেই হারায় উইকেট। আনশুল কাম্বোজকে রানের খাতাই খুলতে দেননি ম্যাট হেনরি।
এরপর জুরেল আর আকাশ প্রথম ঘণ্টার চ্যালেঞ্জ কাটিয়ে দেন। ৪টি চারে ২৯ রান করা আকাশকে কট বিহাইন্ড করেন ন্যাথান স্মিথ। ব্যাটিংয়ের সময় দুইবার আকাশের হেলমেটে বল আঘাত করে। পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। তার কনকাশন সাব হিসেবে প্রাসিধ কৃষ্ণাকে নেয় ভারত।
ইনিংসের সবচেয়ে বড় এবং একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি পায় দলটি নবম উইকেটে। একপ্রান্তে রান বাড়ান ১০০ বলে ফিফটি করা জুরেল। আরেক প্রান্তে তাকে স্রেফ সঙ্গ দিয়ে যান ব্রার। তাদের ৬৪ রানের জুটিতে ব্রার করেন ৪৬ বলে ১০ রান।
কাইল জেমিসনের বলে যখন বোল্ড হন ব্রার, তখন জুরেলের রান ৭৩। এরপর কিউই এই পেসারের বলেই কট বিহাইন্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন জুরেল।
দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে ধাক্কা খায় নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে উইকেটশূন্য জাসপ্রিত বুমরাহ বোল্ড করে দেন টম ল্যাথামকে। থিতু হয়ে বুমরাহকেই ফিরতি ক্যাচ দেন হেনরি নিকোলস।
দারুণ ব্যাটিংয়ে ৮৯ বলে ফিফটিতে পা রাখেন কনওয়ে। অন্যপ্রান্তে ধৈর্যশীল ব্যাটিং করেন রাভিন্দ্রা। মনে হচ্ছিল তাদের ব্যাটেই দিনের খেলা শেষ করবে নিউ জিল্যান্ড। কিন্তু ওয়াশিংটন সুন্দারের বলে ইয়াশাসভি জায়সাওয়ালের দুর্দান্ত ক্যাচে বাজে কনওয়ের বিদায় ঘণ্টা।
দিনের বাকি সময় নিরাপদে পার করেন রাভিন্দ্রা ও মিচেল। ৩৮ বল খেলে ৫ রান করে অপরাজিত আছেন মিচেল।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৫৬
ভারত ১ম ইনিংস: ৮৬.১ ওভারে ২৪৬ (আগের দিন ১১৬/৬) (জুরেল ৮৮, কাম্বোজ ০, আকাশ ২৯, ব্রার ১০, বুমরাহ ৪*; হেনরি ২৩-৫-৫৮-২, জেমিসন ২৫.১-৭-৬৯-৪, স্মিথ ১৮-৩-৫৪-২, ডাফি ১৭-৪-৫৭-২, রাভিন্দ্রা ৩-১-২-০)
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৪৬ ওভারে ১৩৩/৩ (ল্যাথাম ৮, কনওয়ে ৫১, নিকোলস ২২, রাভিন্দ্রা ৪৬*, মিচেল ৫*; বুমরাহ ১২-১-৩৪-২, কাম্বোজ ৬-২-২৫-০, প্রাসিধ ১০-০-২৯-০, ব্রার ৮-০-৩০-০, ওয়াশিংটন ১০-৩-১৪-১)
