১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কানদের ৯৮ রানে গুটিয়ে পাকিস্তানের দারুণ দিন

প্রথম দিন শেষে ২৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

লঙ্কানদের ৯৮ রানে গুটিয়ে পাকিস্তানের দারুণ দিন

ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:37 PM

Updated : 17 Nov 2026, 06:36 PM

ঘাসের ছোঁয়া থাকা উইকেটে বল হাতে দ্যুতি ছড়ালেন পেসাররা। মোহাম্মাদ আব্বাস, রাজাউল্লাহদের চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে একশর আগে গুটিয়ে দিল পাকিস্তান। পরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও, দারুণ এক দিন পার করল স্বাগতিকরা।

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৯৮ রানে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১২১ রান করে তারা। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হওয়া প্রথম দিন শেষে ২৩ রানে এগিয়ে আছে বাবর আজমের দল।

এদিন বিব্রতকর একটি রেকর্ডে নাম লেখায় শ্রীলঙ্কা। টেস্টে রাওয়ালপিন্ডিতে এই প্রথম একশর নিচে অলআউট হলো কোনো দল। দুই বছর আগে এখানে ইংল্যান্ডকে ১১২ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান।

সফরকারীদের ব্যাটিং ধসিয়ে দেন পাকিস্তানের চার পেসার। স্রেফ ১৪ রান দিয়ে তিন উইকেট নেন আব্বাস। সমান তিনটি করে শিকার ধরেন রাজাউল্লাহ (৩/২১) ও আমের জামাল (৩/২৪)। সাকিব খানের প্রাপ্তি এক উইকেট।

সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ম্যাচের চতুর্থ ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব, কট বিহাইন্ড হন পাসিন্দু সুরিয়াবান্দারা। অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে বিদায় করেন আব্বাস।

পরপর দুই ওভারে কামিন্দু মেন্ডিস ও লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। আব্বাসের বলে শর্ট কাভারে অসাধারণ ক্যাচ নিয়ে কামিন্দুকে ফেরান তাইয়াব আরিফ। অনেকটা সময় ক্রিজে কাটানো উদারা স্লিপে ধরা পড়েন রাজাউল্লাহর চমৎকার ডেলিভারিতে। কয়েক ওভার পর রাজাউল্লাহ বিদায় করেন ধানাঞ্জায়া ডি সিলভাকে।

৩৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন কাঁপছে শ্রীলঙ্কা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেন কুসাল মেন্ডিস ও সোনাল দিনুশা। ৪৯ রানের জুটি গড়েন তারা দুইজন।

তাদের প্রতিরোধ ভাঙেন আমের জামাল। তার বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক মেন্ডিস। পাঁচটি চারে ইনিংসের সর্বোচ্চ ৩২ রান করেন তিনি।

পরের ওভারে রাজাউল্লাহ ভেঙে দেন মিলান রাত্নায়েকের স্টাম্প। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের ইনিংস। মধ্যাহ্ন বিরতির পর ৬.৩ ওভারে ১৩ রান তুলতেই শেষ চার উইকেট হারায় পাকিস্তান।

শ্রীলঙ্কার ইনিংসে মেন্ডিস ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর কেবল দিনুশা, চারটি চারে ২১ রান।

ব্যাটিংয়ে নেমে আজান আওয়াইস ও তাইয়াব আরিফের ব্যাটে শুরুটা ভালো হয় পাকিস্তানের। তাদের ৮০ রানের উদ্বোধনী জুটি ভাঙে আরিফের বিদায়ে। ৬টি চারে ৪৬ রান করে আসিথা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হন তিনি।

অনেকটা সময় ক্রিজে কাটিয়ে দুই অঙ্ক ছোঁয়ার আগে ড্রেসিং রুমে ফেরেন মোহাম্মাদ তাহা। লাহিরু কুমারার ভেতরে ঢোকা চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হন বাবর আজম। দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি পাকিস্তান অধিনায়কও।

কয়েক ওভার পর আলোস্বল্পতায় দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫.৩ ওভারে ৯৮ (উদারা ৪, সুরিয়াবান্দারা ২, চান্দিমাল ৭, মেন্ডিস ৮, ধানাঞ্জায়া ১, মেন্ডিস ৩২, দিনুশা ২১, মিলান ০, জায়াসুরিয়া ৩, লাহিরু ০, আসিথা ১*; আব্বাস ১৪-৬-১৪-৩, সাকিব ৮-০-২৯-১, রাজাউল্লাহ ৮-২-২১-৩, আমের ৫.৩-১-২৪-৩)

পাকিস্তান ১ম ইনিংস: ৩৭.২ ওভারে ১২১/৩ (আজান ৪৭*, আরিফ ৪৬, তাহা ৮, বাবর ৮, সাকিব ২*; আসিথা ৯-২-৩৬-১, মিলান ৮-৪-১২-০, লাহিরু ৯.২-২-২৭-১, জায়াসুরিয়া ১১-২-৩৬-১)