২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাল খাবারের পর পেটের অস্বস্তি ও বুকজ্বালা কমাতে যে পানীয় উপকারী

হাতের কাছে থাকা উপাদান দিয়ে চা বানিয়ে পান করলে মিলবে স্বস্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:13 PM

Updated : 29 Nov 2026, 04:13 PM

ঝাল ভর্তা, ভুনা, ঝাল তরকারি, আচার বা মরিচ মাখানো খাবার রসনাতৃপ্তিতে বাড়তি স্বাদ যোগ করে।

তবে অতিরিক্ত ঝাল খাবার খাওয়ার পরপরই অনেকের পেটে মোচড়, বুকজ্বালা, বমি বমি ভাব, গ্যাস বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়। এই অস্বস্তি কমাতে অনেকেই বেশি করে পানি, দুধ, চা বা কোমল পানীয় পান করেন।

বিশেষজ্ঞদের মতে, ঝাল খাবারের পর সব ধরনের পানীয় পাকস্থলীর জন্য সমান উপকারী নয়।

বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলোর মতে, “ঝাল খাবারের পর পেটের অস্বস্তি প্রশমনে ‘আদা চা’ হতে পারে কার্যকর ও নিরাপদ বিকল্প।

ঝাল খাবারে কেন পেটে অস্বস্তি হয়?

মরিচে ‘ক্যাপসাইসিন’ নামক একটি সক্রিয় উপাদান থাকে, যা মুখে ঝালের অনুভূতি তৈরি করে। অতিরিক্ত পরিমাণে ক্যাপসাইসিন গ্রহণ করলে সংবেদনশীল পাকস্থলীতে জ্বালাপোড়া ও অস্বস্তি সৃষ্টি করে। এর ফলেই খাওয়ার পর পেটে মোচড়, বমি ভাব এবং হজমের গোলমাল দেখা দেয়।

অর্থাৎ, কেবল খাবারের পরিমাণ নয়, মরিচে থাকা এই রাসায়নিক উপাদানও পেটের অস্বস্তির জন্য দায়ী।

আদা চা যে কারণে কার্যকর

পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বলেন, “আদায় থাকা ‘জিঞ্জেরল’ এবং ‘শোগাওল’ নামক সক্রিয় উপাদানগুলো হজম প্রক্রিয়াকে সচল রাখতে ভূমিকা রাখে। এই উপাদানগুলো পাকস্থলী থেকে খাবার দ্রুত নিচে নামতে সহায়তা করে, বমি বমি ভাব দূর করে এবং পরিপাকতন্ত্রের প্রদাহ প্রশমিত করে।

ফলে ঝাল খাবারের পর আদা চা পান করলে পেটে দ্রুত স্বস্তি ফিরে আসে।

তবে মনে রাখতে হবে, আদা চা কোনও ওষুধ নয় এবং সবার শরীরে এটি সমানভাবে কাজ নাও করতে পারে।

পেটের সমস্যা তীব্র বা দীর্ঘস্থায়ী হলে কেবল ঘরোয়া পানীয়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

পুদিনার চা সবার জন্য উপযোগী নয়

সতেজ স্বাদ ও সুগন্ধের কারণে অনেকেই ঝাল খাওয়ার পর পুদিনার চা পান করেন। তবে যাদের অম্লতা বা বুকজ্বালার (অ্যাসিড রিফ্লাক্স) প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে পুদিনার চা উল্টো অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।

পুষ্টিবিদ আখতারুন নাহার আলোর ব্যাখ্যা অনুযায়ী, “পুদিনা পাকস্থলী ও খাদ্যনালির মধ্যবর্তী পেশিকে শিথিল করে দেয়। ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই ওপরে খাদ্যনালির দিকে উঠে আসে এবং বুকজ্বালা ও গ্যাসের সমস্যা আরও বেড়ে যায়।”

কোমল পানীয়, কফি ও দুধের ক্ষেত্রে সতর্কতা

কোমল পানীয় ও কফি: ঝাল খাবারের পর ঠান্ডা কোমল পানীয়, গ্যাসযুক্ত পানি, কফি বা ফলের রস পান করা মোটেও উচিত নয়। কার্বন-ডাই অক্সাইড গ্যাসযুক্ত পানীয় পেটে গ্যাস ও চাপ বাড়িয়ে পেট ফাঁপা ও ঢেকুরের সৃষ্টি করে, আর কফিতে থাকা ক্যাফিন পাকস্থলীর অম্লতা বাড়িয়ে দেয়। এছাড়া অ্যালকোহলযুক্ত পানীয় সম্পূর্ণ বর্জন করা জরুরি।

দুধের ভূমিকা: ঝাল খাওয়ার সময় মুখের ঝাল অনুভূতি কমাতে দুধ সাময়িক আরাম দিতে পারে। তবে মুখের জ্বালা কমানো আর পাকস্থলীর অস্বস্তি দূর করা এক বিষয় নয়; অনেক ক্ষেত্রে দুধজাতীয় খাবার পেটে গ্যাস ও হজমের জটিলতা তৈরি করতে পারে।

আদার চা পানের সঠিক তাপমাত্রা

ঝাল খাবারের পর মুখ ও গলায় জ্বালাপোড়া থাকলে অতিরিক্ত গরম পানীয় পান করলে অস্বস্তি আরও বেড়ে যেতে পারে। তাই আদার চা তৈরি করার পর কিছুটা ঠান্ডা করে কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রায় পান করা আরামদায়ক ও নিরাপদ। তবে এতে বরফ মেশানো উচিত নয়।

পুরনো খবর:

পেটের সমস্যায় প্রাকৃতিক খাবার
পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে যে খাবারগুলো উপকারী
খাওয়ার পর শারীরিক অস্বস্তি এড়াতে