পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে যে খাবারগুলো উপকারী
হজমশক্তি বাড়াতে এবং গ্যাসের অস্বস্তি দূর করতে খাদ্যতালিকায় রাখায় উপকারী খাবার।
কিছু খেলেই পেটে গ্যাস জমা, পেট ফাঁপা বা বারবার ঢেকুর ওঠা মোটেও অবহেলা করার মতো সমস্যা নয়।
তবুও স্বাস্থ্যগত এই অস্বস্তি নিয়েই অনেকেই বছরের পর বছর পার করে দেন। বিশেষ করে কিছু আঁশযুক্ত খাবার খাওয়ার পর অনেকের পেটে অস্বস্তি দেখা দেয়।
চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, পেটে গ্যাস তৈরি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অতিরিক্ত গ্যাস জমার পেছনে অন্য কোনও শারীরিক জটিলতা থাকতে পারে।।
শুধু খাবারই নয়; বরং শরীরের বিপাকপ্রক্রিয়া এবং অন্ত্রের ভেতরে থাকা উপকারী ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলেও গ্যাসের সমস্যা দেখা দেয়।
সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামরুল হাসান জানান, শরীরের কোষ পর্যাপ্ত শক্তি তৈরি করতে না পারলে অন্ত্রের স্বাভাবিক ভারসাম্যে প্রভাব পড়ে। এতে খাবারের আঁশ ভাঙার প্রক্রিয়া ব্যাহত হয় এবং অন্ত্রে গ্যাস তৈরি হতে থাকে।
এছাড়া আগে থেকেই পরিপাকতন্ত্রের সমস্যা থাকলে এই অস্বস্তি আরও তীব্র হতে পারে।
তাই গ্যাসের ভয়ে সব ধরনের খাবার বাদ না দিয়ে হজমে সহায়ক পুষ্টিকর খাবার বেছে নেওয়া জরুরি।
পেটের গ্যাস ও হজমের অস্বস্তি কমাতে কার্যকর কয়েকটি খাবার নিয়ে পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো।
পাকা পেঁপে
পেঁপে কেবল একটি সহজপাচ্য ফলই নয়, বরং হজমশক্তি বাড়াতেও অত্যন্ত কার্যকর। এতে ‘প্যাপেইন’ নামক বিশেষ এনজাইম রয়েছে, যা খাবারের প্রোটিন ভেঙে হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে।
পেঁপের এই এনজাইম পরিপাকতন্ত্রে অপাচ্য খাবারের পরিমাণ কমাতে সাহায্য করে। অন্ত্রে অপাচ্য খাবার জমে থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো ভেঙে গ্যাস তৈরি করে। তাই সকালের নাস্তা বা দুপুরের খাবারের পর পরিমিত পরিমাণে পাকা পেঁপে খেলে পেটের অস্বস্তি অনেকটাই কমে আসে।
আদা
রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়ানোর পাশাপাশি হজম প্রক্রিয়াকে সচল রাখতে আদা দারুণ ভূমিকা পালন করে। আদায় ‘জিনজেরল’ এবং ‘শোগাওল’ নামক সক্রিয় উপাদান রয়েছে।
আদার এই উপাদানগুলো প্রদাহ কমাতে এবং পেটের গ্যাসের অস্বস্তি দ্রুত প্রশমিত করতে সাহায্য করে। ভারী কোনও খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব বা অস্বস্তি অনুভূত হলে এক কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা কিছুক্ষণ ভিজিয়ে রেখে হালকা পানীয় তৈরি করে পান করা যেতে পারে।
শসা
শসায় প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা শরীরের জলীয় চাহিদা পূরণে অত্যন্ত সহায়ক। শরীর আর্দ্র থাকলে এবং পর্যাপ্ত পানি ও পানিযুক্ত খাবার গ্রহণ করলে পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল থাকে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের প্রবণতা কমে আসে।
দই
দইয়ে জীবিত উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। যা পেটের অস্বস্তিতে আরাম দিতে পারে।
নিয়মিত উপযুক্ত দই খেলে দীর্ঘমেয়াদে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমার সম্ভাবনা থাকে।
তবে সব দইয়ে জীবিত উপকারী ব্যাকটেরিয়া থাকে না। দই তৈরির পদ্ধতি এবং সংরক্ষণের কারণে এর ব্যাকটেরিয়ার পরিমাণে পার্থক্য হতে পারে।
ভেষজ চা
কিছু ভেষজ চায়ে প্রদাহ কমাতে সহায়ক উপাদান থাকে। পুদিনা, জবা, লেমনগ্রাস, ক্যামোমাইল, রোজেলা, তুলসি, স্পিয়ারমিন্ট দিয়ে তৈরি চা পান করা যেতে পারে।
এ ছাড়া ‘গ্রিন টি’ও উপকারী ভূমিকা রাখে।
খাবারের পর এক কাপ হালকা ভেষজ চা পান করলে পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।
তবে চায়ে চিনি মেশানো যাবে না। এছাড়া কোনও নির্দিষ্ট ভেষজে অ্যালার্জি রয়েছে বা নিয়মিত ওষুধ খেতে হলে ভেষজ চা পান করার আগে সতর্ক থাকতে হবে।
