১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মূল্যে ঢাকায় এলপি গ্যাস বেচছে মেঘনা

“এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই।“

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 05:05 PM

Updated : 16 Nov 2026, 05:05 PM

রাজধানীতে ৩৯টি পরিবেশক কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত দরে এলপিজি বিক্রি করার কথা জানিয়েছে ফ্রেশ এলপি গ্যাস।

এর মূল কোম্পানি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিইআরসি নির্ধারিত মূল্যে ভোক্তারা গ্যাস না পাওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিশেষ উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব স্থান থেকে গ্রাহকরা সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস কিনতে পারবেন।

সোমবার ঢাকার মিরপুর-১৫-তে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের কাছে এ উদ্যোগের তথ্য জানাতে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে বিশেষ প্রচার ব্যানার স্থাপনের পাশাপাশি সোশাল মিডিয়ায় বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেন, “এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য।

“আমরা মনে করি, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”