১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

একই নেইল কাটার সবার ব্যবহার করা যে কারণে বিপজ্জনক

একটা নেইল কাটার পরিবারের সবাই ব্যবহার করলে কী ধরনের অসুখ হতে পারে জেনে নিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:34 PM

Updated : 10 Nov 2026, 06:37 PM

অধিকাংশ পরিবারেই বাথরুমের ড্রয়ারে বা ঘরে একটিমাত্র নেইল কাটার বা নখ কাটার যন্ত্র থাকে, যা বাবা-মা, সন্তান বা জীবনসঙ্গী সবাই মিলে ভাগাভাগি করে ব্যবহার করেন।

আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক ও নিরীহ একটি ঘরোয়া অভ্যাস মনে হলেও, চর্মরোগ বিশেষজ্ঞরা একে মারাত্মক অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

নখ দেখতে যতই পরিষ্কার মনে হোক না কেন, একই নেইল কাটার একাধিক মানুষ ব্যবহার করলে এর মাধ্যমে ছোঁয়াচে ব্যাকটেরিয়া ও ছত্রাক, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে।

জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের চর্মরোগ বিভাগের অধ্যাপক ডা. মোনা গোহারা এবং যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নখ পরিচর্যা প্রতিষ্ঠান ‘নেইলস ইনক’-এর প্রতিষ্ঠাতা থিয়া গ্রিন জানান, নখ কাটার সময় ত্বকের চারপাশে তৈরি হওয়া অতি ক্ষুদ্র কাটাছেঁড়ার মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।

নেইল কাটার ভাগাভাগি করার প্রধান স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

অদৃশ্য জীবাণু ও সংক্রমণের বাহক: ডা. মোনা গোহারা সতর্ক করে বলেন, “নখ দেখতে পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত থাকার প্রমাণ নয়। ব্যবহৃত নেইল কাটারের ব্লেডে আঁচিল সৃষ্টিকারী ভাইরাস, নাক খোঁটার ফলে হাতে লেগে থাকা ‘স্ট্যাফ ব্যাকটেরিয়া’ এবং বাথরুমের পর হাত ভালোভাবে না ধোয়ার কারণে তৈরি হওয়া ক্ষতিকর ‘ই. কোলাই’ জীবাণু আটকে থাকতে পারে।

সবার জন্য আলাদা নেইল কাটার: এই বিশেষজ্ঞের মতে, পরিবারের প্রতিটি সদস্যের- এমনকি স্বামী-স্ত্রী ও শিশুদেরও সম্পূর্ণ আলাদা নেইল কাটার থাকা বাধ্যতামূলক।

এছাড়া থিয়া গ্রিন, হাতের নখ এবং পায়ের নখ কাটার জন্যও দুটি আলাদা যন্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কারণ পায়ের নখে ছত্রাকজনিত সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

জীবাণুমুক্ত করার সঠিক বৈজ্ঞানিক নিয়ম

নিজে একা ব্যবহার করলেও প্রতিবার নখ কাটার পর নেইল কাটার পরিষ্কার করা জরুরি।

প্রথমে সাবান ও পানি দিয়ে ধুয়ে নখের কণা পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে।

এরপর ড. গোহারার নির্দেশনা অনুযায়ী, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে নেইল কাটারের ব্লেড ও জয়েন্ট বা হিঞ্জগুলো ভালোভাবে ভিজিয়ে নির্ধারিত সময় রেখে বাতাসে শুকিয়ে নিতে হবে।

মরিচা ধরা বা ভোঁতা হয়ে যাওয়া যন্ত্র দ্রুত বদলে ফেলা উচিত।

অন্যান্য ম্যানিকিউর সরঞ্জাম ও সংরক্ষণ

নেইল ফাইল, বাফার এবং কিউটিকল কাটারও কারও সঙ্গে ভাগাভাগি করা যাবে না। বিশেষ করে ছিদ্রযুক্ত বাফার জীবাণুমুক্ত করা প্রায় অসম্ভব।

ধাতব যন্ত্রে মরিচা পড়া রোধ করতে পরিষ্কারের পর পুরোপুরি শুকিয়ে পরিবারের প্রত্যেকের জন্য আলাদা শুকনো পাউচ বা ব্যাগে সংরক্ষণ করা উচিত।

পুরনো খবর:

হাতের যত্ন নেবেন যেভাবে
হাতের চামড়ায় ভাঁজ? রয়েছে সহজ সমাধান
সারাদিন ফোন আর কম্পিউটার ব্যবহারে হাতের যে ক্ষতি হচ্ছে