আওয়ামী লীগের ‘নিরপরাধ’ লোকজনের ‘অন্য সভা’ করতে সমস্যা দেখছেন না তথ্য উপদেষ্টা
“আমি ওভারঅল পুলিশ বাহিনীর বা নিরাপত্তা বাহিনীর যে পারফরমেন্স, আমি এটাকে ব্যর্থতা বলতে প্রস্তুত নই।”
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও দলটির কোনো ব্যক্তি যদি ‘নিরপরাধ’ হন, কারাগারে না গিয়ে থাকেন বা জামিনে থাকেন তাহলে দলের বাইরে অন্য কোনো ‘সভা’ করায় সমস্যা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
ফেনীর সোনাগাজী আসনের আওয়ামী লীগের একজন সাবেক এমপি লন্ডন থেকে এসে সভা কীভাবে করেন, একজন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক জানতে চান, এতে আসলে সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা, নাকি সরকার এ বিষয়ে নমনীয়?
জবাবে জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন? উনি কী তার দলের কোনো কর্মসূচিজনিত সভা করেছেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ।
“আওয়ামী লীগের, আমরা নিশ্চয়ই, একটু ব্যাকগ্রাউন্ডটি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না দল হিসেবে, সেটা আইসিটি (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল)-এ বিচারাধীন এবং এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটার সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে।
“আওয়ামী লীগের মানুষজন আওয়ামী লীগের কোনো সভা, মিছিল, এগুলা করতে পারবে না। এই নিষেধাজ্ঞা আছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগের কোনো ব্যক্তি, যিনি আওয়ামী লীগ করেছেন, পদে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন, অথবা উনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সমাবেশ বা সভা করতে পারবেন না, তা কিন্তু না।
“এখন আমি নিশ্চিত নই, ওই সভাটা কি আওয়ামী লীগের কর্মসূচি ছিল? আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছিল?”
তখন ওই সাংবাদিক বলেন, ওই সভাটি প্যান্ডেল দিয়ে করা হয়েছে। পেছনে ব্যানার ছিল, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তন কার্যক্রম উপলক্ষে।
তখন উপদেষ্টা জাহেদ বলেন, “এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”
ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, পদ্মাসেতু এলাকায় শরীয়তপুরে গতকাল ‘কার্যক্রম’ নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল ‘শোডাউন’ হয়েছে। এর কি কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা? এসব নিয়ন্ত্রণ করতে সরকারের কোনো ব্যর্থতা কিনা?
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তারা ‘হুটহাট’ নামছে। এটাকে তিনি গোয়েন্দা ব্যর্থতা বলতে প্রস্তুত নন।
“আমি আগেও একটা কথা বলেছি, এটা হচ্ছে হিউজ কান্ট্রি। সব রকম তথ্য, সব রকম কিছুর পরও কিছু কিছু ঘটনা এ ধরনের হুটহাট করে, ঝটিকা বা কিছু হতে পারে। এটা এর চেয়ে বেশি কিছু না। এটা যদি মানে আমাদের ব্যর্থতা থাকতো, এটা আপনি আসলে হয়তো অনেক জায়গায় দেখছেন।
“একটা কথা মনে রাখতে হবে, একটা নিরাপত্তা বাহিনী আমাদের অজ্ঞাতেই তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক কাজ করে ফেলেন। সেগুলো আমাদের সামনে আসে না বলে, কারণ আমরা তো, পুলিশ তো বলবে না যে এখানে এখানে তথ্য ছিল।”
যেসব চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হয়, সেগুলো সামনে আসে না তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, “আমি ওভারঅল পুলিশ বাহিনীর বা নিরাপত্তা বাহিনীর যে পারফরমেন্স, আমি এটাকে ব্যর্থতা বলতে প্রস্তুত নই।”
আরেকজন সাংবাদিক গত কয়েকদিন ধরে সহিংস পরিস্থিতি এবং ‘অধিকাংশ’ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর কথা তুলে ধরেন। তিনি ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক নিহত হওয়া, ঢাকায় রোববার স্কুল বাসে আগুন দেওয়ার কথা তুলে ধরে জানতে চান, আসলে দেশে কী হচ্ছে?
জবাবে জাহেদ উর রহমান বলেন, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা তিনি মনে করেন না।
“আমি ব্যক্তিগতভাবে, আমরা তো আসলে কেউ পরিসংখ্যান করিনি, আমরা কেউ স্ট্যাটিস্টিক্যালি কথা বলছি না। আপনি, আপনার আশপাশেও হয়তো দেখেছেন, বেশিরভাগ মানুষের মধ্যে এমন আছে, আমি আমার আশপাশেও আমারও মানুষ আছে, আমিও স্বাভাবিক, সাধারণ মানুষজনের সাথে প্রচুর কথা বলি, চলি। আমার কাছে মনে হয়নি। কী হচ্ছে, এই প্রশ্নটা আছে। এটা ঠিক আছে, কিন্তু এটা যে খুব ওয়াইডস্প্রেড আতঙ্ক তৈরি করছে, লো ইনটেনসিটি হলে, আমি সেটা মনে করি না, ব্যক্তিগতভাবে।”
খালি বাসে আগুন হলেও মানুষের মধ্যে কিছুটা নিরাপত্তা বোধজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক, তা স্বীকার করে তিনি বলেন, “আমি আগে একদিন বলেছিলাম, সেটা হল এই দলটা। এটা একটা মাফিয়া দল…তাদের যেহেতু প্রচুর ফান্ড আছে। ফান্ড দেওয়ার মাধ্যমে কিছু এই ধরনের চেষ্টা তারা হয়তো করতে পারবে।
“তবে আমি মনে করি, গতকাল বা তার আগেও আপনি দেখবেন, যারা ককটেল ফাটাতে গেছে, তাদের অনেকে তো হাতেনাতে ধরা পড়েছে। এদের তো যখন আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারব, এই প্রবণতা কমে যাবে।”
এ ধরনের ঘটনায় জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করে সরকারের ‘কিছুটা হলেও’ ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, “সরকার খুব দ্রুত এগুলোকে নিয়ন্ত্রণে আনবে।”
তবে পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে তুলনা করে, বিশেষ করে যেখানে ‘রেজিম’ পরিবর্তন হয়ে সেসব দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
