নড়াইলের ঘটনা নিয়ে ভারতে অপতথ্য ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ্টা
“এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা বা জটিলতা আরও বাড়াতে পারে।”
নড়াইলের কালিয়ার সহিংসতা নিয়ে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তবে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা সত্য জানিয়ে তিনি বলেছেন, প্রতিটি ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সরকার নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর গত শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “আপনারা যখন এই প্রশ্ন করলেন যে, এখানে কটা এই ধরনের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। তখনই আসলে বাংলাদেশের পত্রিকাতেই নিউজ হয়েছে ওখানে আসলে এরকম কোনো জায়গা নেই—যেখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
“কিন্তু এটা নিয়ে ভারতে একটা মারাত্মক ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটা আপনারা দেখেছেন।”
৫ অগাস্ট-পরবর্তী সময় থেকেই ভারতের মূলধারার সংবাদমাধ্যমে এ ধরনের ‘অপপ্রচার’ চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “এটা নতুন না, ৫ অগাস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রচণ্ড হত্যা-নির্যাতনের শিকার হচ্ছেন—এই ধরনের নানা রকম ডিসইনফরমেশন ক্যাম্পেইন ভারতের মেইনস্ট্রিম মিডিয়াতেও হয়েছে এবং সেটা নিয়ে আমাদের দেশের পত্রিকা অনেকে এটাকে ডিব্যাংকও করেছেন।”
এ ধরনের অপতথ্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর মন্তব্য করে ভারত সরকার ও দেশটির সংবাদমাধ্যমের উদ্দেশে জাহেদ উর রহমান বলেন, “আমরা ভারত সরকারের কাছে বা বিশেষ করে ভারতের মিডিয়ার কাছে আমাদের আহ্বান—এই ধরনের অপতথ্য, এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য ভালো কিছু হয় না।”
ভারত সরকারের সঙ্গে কার্যকর সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের সম্পর্ক ৫ অগাস্টের পরবর্তী সময়ে আমরা চাই বা আমাদের সরকার দায়িত্বে আসার পর থেকে চাই ভারতের সাথে একটা ইফেক্টিভ এনগেজমেন্ট, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে।
“সেখানে এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা বা জটিলতা আরও বাড়াতে পারে।”
ভারতীয় কর্তৃপক্ষকে এসব বিষয় খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, “তাদেরকে এগুলো থেকে নিবৃত্ত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং ভারত সরকারেরও যদি এই ক্ষেত্রে কোনো কিছু করার থাকে, বিশেষ করে তাদের যদি কোনো রেগুলেটরি অথরিটি থাকে, তারা এই ব্যাপারগুলো খতিয়ে দেখবেন বা তলিয়ে দেখবেন, সেটা আমরা দেখতে চাই।”
নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলার বিষয়টি স্বীকার করে নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “আর নড়াইলে এটা সত্য যে কিছু আওয়ামী লীগ সমর্থন করেন—এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে।
“এগুলো প্রত্যেকটা ফৌজদারি অপরাধ। এগুলো যেই করে থাকুন না কেন, সেগুলোর ব্যাপারে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।”
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
