ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫
আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি খাদে পড়ে গেছে। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার মনিপুর এলাকায় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও গাড়ির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।
আহত দুই আসামি হলেন মোহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩২)। মোহন মাদক মামলায় রিমান্ডে ছিলেন। রুজিনা একটি পারিবারিক মামলার আসামি।
ওসি বলেন, দুই আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওসি বলেন, আহত কনস্টেবল মোস্তফা ও জুম্মানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য পুলিশ সদস্য ও দুই আসামির অবস্থা ভালো। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
