১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক, হেলপারের মৃত্যু

চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে পাবনা যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:38 PM

Updated : 17 Nov 2026, 12:38 PM

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে গেছে চাল বোঝাই ট্রাক। এতে নিহত হয়েছেন ট্রাকটির হেলপার, আহত হয়েছেন চালক।

মঙ্গলবার সকালে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাফর ইকবাল।

নিহত রিপন হোসেন (২৮) পাবনার হেমায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। আহত হয়েছেন চালক মাসুদ রানা।

স্থানীয়দের বরাতে ওসি জাফর ইকবাল বলেন, সকালে চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে পাবনা যাচ্ছিল। পথে নাটোরের দীঘাপতিয়ায় হাগুড়িয়া এলাকায় পৌঁছালে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে সড়কের পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন হোসেন মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল পাঠায়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।