মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ের বাস পড়ল খাদে, নিহত ৩
একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়।
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেইন পেরিয়ে পড়েছে পানিভর্তি খাদে। তাতে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৩টা ১৮ মিনিটে শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেইন পেরিয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫); বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।
আহত ব্যক্তিরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও কাপাসডাঙ্গায়। এ ছাড়া মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর এবং মাগুরা সদরের বাসিন্দারাও রয়েছেন।
