১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ২ ঘণ্টা পর উদ্ধার

“পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি ফেলে পালিয়ে যায় চোর,” বলেন সহকারী কমিশনার আমিনুর রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 08:28 PM

Updated : 18 Nov 2026, 08:34 PM

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের টহল দলের পিকআপ চুরির দুই ঘণ্টা পরই বাহনটি উদ্ধার হয়েছে।

কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় থেকে পিকআপ উদ্ধারের কথা জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি ফেলে পালিয়ে যায় চোর।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “কে চুরি করেছে তাকে ধরতে আমাদের অভিযান চলছে।”

এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যদের খাওয়া-দাওয়ার সময় পিকআপটি নিয়ে সটকে পড়েন এক ব্যক্তি।

পুলিশ কর্মকর্তা আমিনুর বলেছিলেন, “হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই।

“সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।

হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তারা তিনজন ও চালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেইটের পাশে পুনাক ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে যান। সেখান থেকে বের হয়ে দেখেন তাদের গাড়িটি নেই।

এর দুই ঘণ্টা পর গাড়িটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।