১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্যান্টিনে খেতে গেল পুলিশের দল, উধাও হয়ে গেল গাড়ি

এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়ি নিয়ে চলে যান, বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:47 PM

Updated : 18 Nov 2026, 05:47 PM

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের টহল দলের পিকাপ চুরি হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যদের খাওয়া-দাওয়ার সময় এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই।

“সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।”

হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তারা তিনজন ও চালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেইটের পাশে পুনাক ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে যান। সেখান থেকে বের হয়ে দেখেন তাদের গাড়িটি নেই।