১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল টহল পুলিশ

আগুন লাগার পর রাত পৌনে ২টা পর্যন্ত পুলিশের একটি দল বাড়িটিতে অবস্থান করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 02:01 AM

Updated : 19 Nov 2026, 02:01 AM

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম নগরীতে অবস্থিত পারিবারিক বাড়িতে আগুন লেগেছে।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ‘নিরিবিলি’ নামের ওই বাড়ির একাংশে বুধবার রাত ১১টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে, যা পরে টহল পুলিশের সদস্যরাই নিভিয়ে ফেলে।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, চারতলা বাড়িটির পূর্বপাশের নিচতলার ওই অংশে গত ১০-১৫ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির লোকজন নিজেরাও সেখানে যান না।

"রাতে সেখানে জমে থাকা পুরনো ফার্নিচার ও কাপড় চোপড়ে কীভাবে যেন আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে টহল দলের পুলিশ সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।"

কীভাবে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় পিছনের দিকের অংশে আগুন জ্বলছে। একটি রিকশার যাত্রী ভিডিওটি করেন। নিচ তলায় আগুন জ্বলার সময় সামনের ফুটপাতে দাঁড়িয়ে তা দেখছিলেন তিনি। তখন বৃষ্টি হচ্ছিল।

স্থানীয়রা বলেন, গত শতকের ষাটের দশকে মুহাম্মদ ইউনূসের বাবা বাড়িটি নির্মাণ করেছিলেন।

বাড়ির পূর্ব পাশের নিচতলার ওই অংশ কেউ বসবাস করে না। অংশটি পরিত্যক্ত। পুরো বাড়ির চারপাশে সীমানা দেয়াল থাকলেও এই অংশ টিন দিয়ে ঘেরা। সেখানে বাড়ির সামনের খালি জায়গায় ঝোপঝাড় হয়ে আছে।