২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি, টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার

এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে, যারা মানবপাচারী চক্রের সদস্য বলে ভাষ্য কোস্ট গার্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:29 PM

Updated : 29 Nov 2026, 05:29 PM

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে; যাদের সাগর পথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে ভাষ্য কোস্ট গার্ডের।

এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ১৮ জন, পুরুষ ২৯৫ এবং শিশু চারজন।

রোববার ভোরে উপজেলার বাহারছড়া সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইছমাম হাসান ফাহিম জানিয়েছেন।

আটকরা হলেন- টেকনাফ পৌরসভা ইসলামাবাদ এলাকার বাসিন্দা প্রয়াত আব্দুর রহমানের ছেলে ট্রলারের মাঝি মো. জুবায়ের, হ্নীলা লেদা এলাকার বাসিন্দা প্রয়াত লোকমান হাকিমের ছেলে মো. ইউসুফ, ভোলার দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা মো. ফজলু করিমের ছেলে মো. আব্দুল মান্নান, উখিয়া কুতুপালং, জামতলী, বালুখালী এলাকায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা প্রয়াত মো. ইউনুসের ছেলে ফয়েজ উল্লাহ, প্রয়াত মো. কাছিমের ছেলে মছি উল্লাহ, প্রয়াত আমিন উল্লাহর ছেলে মো. রশিদ এবং ছৈয়দ উল্লাহর ছেলে এনাম উল্লাহ।

লেফটেন্যান্ট ইছমাম হাসান বলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া উপকূলীয় এলাকায় দিয়ে কয়েকশ মানুষকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির খবর পায় কোস্ট গার্ড। পরে দ্রুত সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৬৯ জন বাংলাদেশি পুরুষ, একজন বাংলাদেশি নারী এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক বলে জানান তিনি।

ট্রলার থেকে উদ্ধার হওয়া ভুক্তভোগী কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মো. ফারুক বলেন, তিন থেকে চার দিন আগে মানব পাচারকারী চক্রের কবলে পড়া ছোট ভাইকে উদ্ধার করার জন্য বাহারছড়া এলাকায় যান তিনি।

তিনি বলেন, চক্রের সদস্যরা তার ভাইকে ফেরত দিবে বলে পাহাড়ে নিয়ে যায়। এরপর তাকেও আটকে রাখা হয়। দুই দিন পর শনিবার গভীর রাতে ছোট ছোট নৌকায় করে তাদের সাগরে অবস্থানরত ট্রলারে তুলে দেওয়া হয়।

“ট্রলারে ওঠার পর দেখতে পাই, সেখানে দুই থেকে তিনশর বেশি লোক রয়েছে। ট্রলারটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কোস্ট গার্ড সদস্যরা আমাদের উদ্ধার না করলে সবাই সাগরে ডুবে মারা যেতাম,” বলেন ফারুক।

টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইছমাম হাসান ফাহিম বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দীর্ঘদিন ধরে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন উপকূলীয় পয়েন্ট ব্যবহার করে মানবপাচারকারীরা সাগরপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে। উন্নত জীবনের আশ্বাস দিয়ে অসহায় ও দরিদ্র মানুষকে বিদেশে পাঠানোর নামে পাচারের ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় অনেকেই প্রতারণা, নির্যাতন ও প্রাণহানির শিকার হন।