ইয়েমেনে বিপর্যয়ের পর জোট বাহিনীর কমান্ডারকে সরাল সৌদি আরব
পশ্চিমা দুই কূটনীতিক এই পরিবর্তনকে সরাসরি ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং হুতিদের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন।
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও তাদের মিত্রদের বড় ধরনের বিপর্যয়ের পর এ পদক্ষেপ নেওয়া হল।
গত ৫ অক্টোবর ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। এর লক্ষ্য হচ্ছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। কিন্তু উল্টো যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবেই বিপর্যয়ের সম্মুখিন হচ্ছে তারা।
সম্প্রতি রিয়াদের ইয়েমেনি মিত্ররা বিস্তীর্ণ এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়। এখন তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় নিজেদের নিয়োজিত করেছে বলে দাবি করেছে।
রয়টার্স জানিয়েছে, সোমবার সৌদি আরবের বাদশা সালমানের জারি করা এক রাজকীয় আদেশে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর কমান্ড কাঠামোয় পরিবর্তন আনার কথা উল্লেখ করা হয়েছে।
বর্তমান কমান্ডার লে. জে. হামাদ আল-সালমানকে তার পদ থেকে সরিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সৌদি আরবের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের চেয়ারম্যান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যৌথ বাহিনীর কমান্ডার করা হয়েছে; জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
পশ্চিমা দুই কূটনীতিক এই পরিবর্তনকে সরাসরি ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং হুতিদের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের জেরে ইয়েমেনের স্তিমিত হয়ে থাকা গৃহযুদ্ধ আবারও শুরু হওয়ার পর থেকে হুতিরা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে দ্রুত একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি রিয়াদকেও আবার হুতিদের সঙ্গে সরাসরি সংঘাতে টেনে এনেছে।
ইয়েমেন সরকার রোববার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ উপকূলের বন্দর শহর এডেনে তাদের মূল ঘাঁটি রক্ষা করার ওপর জোর দিতে চায়। এ কারণে তারা বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব এল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকাগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর সদস্যরা সোমবার জানিয়েছেন, হুতিরা দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা খোর ওমাইরাহর দিকে এগিয়েছে। এই এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং সরকারি বাহিনীর অবস্থান কাহওয়া থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে। কাহওয়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আরেকটি উপকূলীয় এলাকা।
ইয়েমেনের যুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
