হুতিরা আলোচনার টেবিলে এলে সোমবারই ইয়েমেন যুদ্ধ বন্ধ হতে পারে: সৌদি কর্মকর্তা
সৌদি জোটের মুখপাত্র জানিয়েছেন, হুতিদের আলোচনার টেবিলে আনতে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ওপর সামরিক চাপ অব্যাহত রাখবে।
ইয়েমেনের হুতিরা জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনায় রাজি হলে ইয়েমেনের যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
মালিকি জানিয়েছেন, হুতিদের আলোচনার টেবিলে আনতে যতদিন প্রয়োজন হবে, সৌদি নেতৃত্বাধীন জোট ততদিন তাদের ওপর সামরিক চাপ অব্যাহত রাখবে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মুখপাত্র জানান, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে রিয়াদ একটি 'রেড লাইন' নির্ধারণ করেছে। হুতি যোদ্ধারা শহরটিতে আঘাত হানার মতো কাছাকাছি অবস্থানে চলে আসায় তিনি সতর্ক করে বলেন, বন্দরনগরীটিকে রক্ষা করতে জোট ‘যা কিছু করা দরকার’ করবে।
ক্রমাগত বাড়তে থাকা এই সংঘাত বৃহত্তর ইরান যুদ্ধের সবচেয়ে তীব্র রণাঙ্গন হিসেবে ফের সামনে এসেছে। এই যুদ্ধের কারণে ইয়েমেনে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবকে রিয়াদের বহুতল অফিস ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রতি সপ্তাহে হামলার মুখে পড়তে হচ্ছে।
লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা সৌদি আরবের বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ‘ওয়ার্ল্ড এক্সপো ২০৩০’এর মতো বড় আন্তর্জাতিক অনুষ্ঠানগুলো সফলভাবে আয়োজনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে।
অব্যাহত সমর্থন
এ মাসের শুরুর দিকে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, এই যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে, এমনটি ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে রিয়াদ।
হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা পর্যন্ত লড়াই করে পৌঁছানোর যে প্রাথমিক লক্ষ্য সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের ছিল, হুতিরা তা নস্যাৎ করে দিয়েছে। ইয়েমেনি সরকারের প্রচেষ্টা এখন নিজেদের অস্থায়ী রাজধানী এডেন রক্ষা করা এবং হুতিদের অবরোধে থাকা আরেকটি শহর তাইজ মুক্ত করার দিকেই কেন্দ্রীভূত।
মালিকি বলেন, "সেরা সমাধান হলো রাজনৈতিক সমাধান। তবে ইয়েমেনি সরকারকে তাদের লক্ষ্য অর্জনে আমাদের অবশ্যই সমর্থন দিতে হবে।"
জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "হুতিরা যদি ইয়েমেন সরকারের সঙ্গে রোডম্যাপ অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয়, তবে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে।"
মালিকি জানান, সেই সময় না আসা পর্যন্ত সৌদি জোট গোষ্ঠীটির ওপর কঠোর চাপ সৃষ্টি করতে আর তাদের আচরণে পরিবর্তন আনতে সামরিক শক্তির ওপরই নির্ভর করবে। আর এর অংশ হিসেবে স্থলভাগে থাকা ইয়েমেনি ইউনিটগুলোকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিমান সহায়তা দেওয়া হবে এবং সৌদি শহরগুলোর জন্য হুমকি সৃষ্টিকারী হুতিদের সক্ষমতা ধ্বংস করা হবে।
তিনি বলেন, "আমরা থিয়েটার ব্যালিস্টিক মিসাইল (টিবিএম) এবং সেইসঙ্গে লঞ্চার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইউএভি (ড্রোন) এর কিছু অংশ অকেজো ও ধ্বংস করার লক্ষ্য অর্জন করছি।"
অন্যদিকে হুতিদের দাবি, সৌদি আরবকে ইয়েমেনি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে যাদের রিয়াদ প্রশিক্ষণ, অস্ত্র ও তহবিল জোগায় এবং আংশিকভাবে রিয়াদে আশ্রয় দেয়; পাশাপাশি আকাশ ও সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
কমান্ড বা সমন্বয়ের ঘাটতি
ইরান সমর্থিত হুতিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৫ সালে একটি আরব জোটের নেতৃত্বে দেশটিতে প্রথম হস্তক্ষেপ করে সৌদি আরব।
কয়েক বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২২ এ হওয়া একটি যুদ্ধবিরতি চলতি বছরের শুরুর দিকে লড়াই ফের শুরু হওয়ার আগ পর্যন্ত মোটামুটিভাবে টিকে ছিল।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হুতিরা বাব আল-মান্দেব প্রণালির কাছে ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিয়েছে এবং পার্বত্য শহর তাইজ ঘিরে ফেলেছে। হুতি বাহিনী এখন এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
সম্প্রতি সরকারি বাহিনীর পিছু হটা সত্ত্বেও যুদ্ধের মোড় ঘোরাতে ইয়েমেনে সৌদি ‘স্থলসেনা পাঠানো হতে পারে’ এমন ধারণা নাকচ করে দিয়েছেন মালিকি। এডেনকে শক্তিশালী করতে সরকারি বাহিনী নভেম্বরে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল।
ইয়েমেনি সরকারি বাহিনীর প্রয়োজনীয় জনবল, উপজাতীয় সমর্থন এবং সামরিক সক্ষমতা রয়েছে উল্লেখ করে মালিকি বলেন, "বাইরে থেকে অন্য কোনো সেনাবাহিনী আনার প্রয়োজন নেই তাদের।"
বর্তমান সংঘাতের সময় এ ধরনের কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কি না, তা নিশ্চিত না করেই তিনি জানান, সৌদি ভূখণ্ডে হুতিদের যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে রাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সৌদি সেনা মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, "আমাদের সীমান্তরেখার কাছাকাছি আসা যেকোনো কিছু ধ্বংস করতে যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।"
এর পরিবর্তে মালিকি উল্লেখ করেন যে, অভ্যন্তরীণ সমন্বয়জনিত সমস্যাগুলো সমাধানের জন্য জোট সক্রিয়ভাবে ইয়েমেনি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, ইয়েমেনি সরকার স্বীকার করেছে যে গত তিন মাসে যুদ্ধক্ষেত্রে ‘দুইবার কিছু সমন্বয়ের ঘাটতি হয়েছিল।”
তবে ইয়েমেনি সেনাবাহিনী ‘সবকিছু গুছিয়ে নেবে এবং এখানে-সেখানে ঘটে যাওয়া কৌশলগত বা ছোটখাটো ভুলগুলো সংশোধন করবে’ বলে তিনি আশা প্রকাশ করেন।
ইন্টারসেপ্টরের 'কোনো ঘাটতি নেই'
সৌদি আরব তার আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মজুদের সংকটে ভুগছে, এমন খবর নাকচ করে দিয়েছেন মালিকি।
মালিকি বলেন, "আমরা আমাদের প্রয়োজনীয় অস্ত্র কিনছি। এটি সরকার থেকে সরকার চুক্তির মাধ্যমে হচ্ছে এবং আমাদের কোনো ঘাটতি নেই। আমি আশ্বস্ত করছি যে আমাদের দেশকে রক্ষা করার সক্ষমতা আমাদের রয়েছে।"
রিয়াদভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক 'গালফ রিসার্চ সেন্টার'-এর তথ্যমতে, অক্টোবর নাগাদ সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার হার ছিল ৯২ শতাংশের বেশি। তবে রিয়াদের বাণিজ্যিক এলাকায় সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা রাষ্ট্রটিকে একটি নিরাপদ আঞ্চলিক কেন্দ্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
কয়েক দশক ধরে শত শত কোটি মার্কিন ডলার বিনিয়োগে গড়ে তোলা সৌদি সেনাবাহিনী কেন কিছুদিন আগেও ইয়েমেনের পাহাড়ে থাকা একটি মিলিশিয়া গোষ্ঠীর হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না, এমন প্রশ্নের জবাবে মালিকি সৌদি আরবে হুতিদের হামলাকে বেসামরিক লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, "হুতিরা যা করছে তা কোনো সামরিক অভিযান নয়। তারা বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আর এটা যে কেউ করতে পারে।"
তিনি আরও যোগ করেন, "আপনি যদি সশস্ত্র সংঘাতের আইন না মানেন, তবে আপনি যা খুশি তাই করতে পারেন। আর আমি বলব যে চ্যালেঞ্জটা হলো আমরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবিলা করছি।"
