শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন লতিফুল ইসলাম শিবলী
নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতের গীতিকবি হিসেবে কাজ শুরু করেন তিনি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী।
এক বছরের চুক্তিতে তাকে এ পদে দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গ্রেড-১ পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। তার মেয়াদ শেষ হয় গত ২১ সেপ্টেম্বর।
পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার খবরটি ফেইসবুক দিয়ে শিবলী লিখেছেন, “আমার উপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।”
নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতের গীতিকবি হিসেবে কাজ শুরু করেন শিবলী।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তাকে দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়। গত সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
শিবলীর লেখা ও সুর করা গানের মধ্যে ‘জেল থেকে বলছি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রংধনু হয়ে যাই’, ‘প্রেমিক মেয়র’ ও ‘পায়ের আওয়াজ শুনি’ উল্লেখযোগ্য।
ব্যান্ড সংগীত নিয়ে ১৯৯৭ সালে তার প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ প্রকাশ হয়।
গান লেখার পাশাপাশি তিনি অভিনেতা হিসেবেও পরিচিত। নাট্যকার হিসেবে তার লেখা ‘তোমার চোখে দেখি’ দর্শকপ্রিয় হয়েছে। নিজের লেখা নাটক ‘রাজকুমারী’তে মির্জা গালিবের চরিত্রে অভিনয়ও করেন তিনি।
