১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শিল্পকলায় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ এর হলের বরাদ্দ বাতিল, ক্ষোভ

শিল্পকলা একাডেমি গত ৯ নভেম্বর এক চিঠির মাধ্যমে মিলনায়তন বরাদ্দ বাতিলের বিষয়টি নাট্যদলটিকে জানায়।

শিল্পকলায় নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ এর হলের বরাদ্দ বাতিল, ক্ষোভ

নাটকের পোস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 07:25 PM

Updated : 11 Nov 2026, 07:38 PM

সব ধরনের নিয়ম মেনে ভাড়া পরিশোধের পরও হুট করে নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনীর জন্য একটি নাট্যদলের নির্ধারিত মিলনায়তনের বরাদ্দ বাতিল করেছে শিল্পকলা একাডেমি।

নির্দেশক নূনা আফরোজের নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ এর উদ্বোধনী প্রদর্শনী ঘিরে বুধবার এ ঘটনা ঘটেছে নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ এর সঙ্গে।

প্রাঙ্গণেমোর কর্তৃপক্ষ বলছে, নূনা আফরোজের নির্দেশনায় ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর জন্য তারা আগামী ১৯ ও ২০ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তন বরাদ্দ চেয়েছিল। তবে শিল্পকলা একাডেমির বরাদ্দ কমিটি তাদের ১৮ নভেম্বরের জন্য মিলনায়তনটি বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করে তারিখ চূড়ান্ত করে প্রাঙ্গণেমোর।

তবে গত ৯ নভেম্বর শিল্পকলা একাডেমি এক চিঠির মাধ্যমে সেই বরাদ্দ বাতিলের বিষয়টি নাট্যদলটিকে জানায়।

ওই চিঠিতে বলা হয়, ১৮ নভেম্বর শিল্পকলা একাডেমির নিজস্ব উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটকের প্রদর্শনীর আয়োজন করা হবে। ফলে প্রাঙ্গণেমোরকে দেওয়া বরাদ্দটি বাতিল ঘোষণা করা হয়েছে।

যদিও চিঠিতে কবি নজরুলের কোন নাটকের প্রদর্শনী করা হবে তা উল্লেখ ছিল না।

শিল্পকলা একাডেমির এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রাঙ্গণেমোরের প্রতিষ্ঠাতা ও প্রধান অনন্ত হিরা বলেন, “নজরুল বর্ষের অনুষ্ঠানের শিডিউল তো আগে থেকেই শিল্পকলার কাছে থাকার কথা। এভাবে একটি নিয়মিত নাট্যদলকে দেওয়া বরাদ্দ হুট করে বাতিল করে দিয়ে কেন অন্য অনুষ্ঠান করতে হবে? আমরা তো যথাযথ নিয়ম মেনে মিলনায়তন বরাদ্দ নিয়েছি এবং টাকাও পরিশোধ করেছি।”

নাট্যশালার বর্তমান হল বরাদ্দ নীতিমালা অনুযায়ী, পরিস্থিতি ভেদে যে কোনো সময় মিলনায়তন বরাদ্দ বাতিলের এখতিয়ার রয়েছে শিল্পকলা একাডেমির।

Image

দেওয়ান গাজীর কিসসা নাটকের মহড়ার দৃশ্য।

এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি তুলে অনন্ত হিরা বলেন, “নিয়ম মেনে বরাদ্দ নেওয়ার পর তা হঠাৎ বাতিল করা হলে কেবল একটি নাট্যদলই আর্থিক ক্ষতির মুখে পড়ে না, নিয়মিত টিকেট কেটে নাটক দেখার যে সংস্কৃতি গড়ে উঠেছে সেখানেও নেতিবাচক প্রভাব পড়ে।”

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) সরকার জিয়া উদ্দিন আহম্মেদ এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো পূর্বনির্ধারিত আয়োজন থাকলে নীতিমালা অনুযায়ী যে কোনো হলের বরাদ্দ বাতিলের এখতিয়ার কর্তৃপক্ষের রয়েছে। বরাদ্দ দেওয়ার সময়ও এই শর্তগুলো উল্লেখ থাকে।

“মূলত সরকার ঘোষিত নজরুলবর্ষ উদযাপনের অংশ হিসেবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের নিজস্ব আয়োজনে আগামী ১৮ তারিখে একটি নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই জরুরি আয়োজনের বাধ্যবাধকতার কারণেই প্রাঙ্গণেমোরের নির্ধারিত হল বরাদ্দটি বাতিল করতে হয়েছে।”

শিল্পকলা একাডেমিতে সারা বছরই বিভিন্ন নাট্যদল নিয়মিত তাদের নাটক প্রদর্শনী করে। কিন্তু মাঝেমধ্যে একাডেমির নিজস্ব কর্মসূচি কিংবা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ ইভেন্ট থাকলে সেগুলোকে প্রশাসনিকভাবে অগ্রাধিকার দিতে হয়। এটি কোন বিশেষ দলকে কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত নয় বরং একাডেমির নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই করা হয়েছে বলেও বক্তব্য তার।

এদিকে শিল্পকলা একাডেমির মিলনায়তন বাতিল হলেও নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনী পেছাচ্ছে না প্রাঙ্গণেমোর।

নাট্যদলটি জানিয়েছে, আগামী ১৯ ও ২০ নভেম্বর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শনী হবে তাদের নতুন নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ এর।