২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা

ভারতে সরকারি নিষেধাজ্ঞাতেও থামছে না পাকিস্তানি নাটকের জয়যাত্রা। ভিপিএন ও গোপন প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তানি নাটক লুফে নিচ্ছেন ভারতীয় দর্শকরা। প্রযুক্তির এই যুগে সংস্কৃতির আদান-প্রদান থামানো অসম্ভব- বলছেন বিশ্লেষকরা।

পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা

নয়াদিল্লিতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ঘরোয়া প্রদর্শনীর (ওয়াচ পার্টি) আয়োজন। ছবি: আবু সুফিয়ান খান/আল-জাজিরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:40 PM

Updated : 27 Nov 2026, 06:40 PM

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ঘরোয়া আয়োজনে ৪৫ জন দর্শকের জন্য রাখা হয়েছিল পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর প্রদর্শনী, অথচ অনুরোধ জমা পড়ল সাতশোরও বেশি। দর্শকদের এমন আগ্রহ দেখে বিস্মিত হন আয়োজক নিজেই। ভারতে সরকারিভাবে পাকিস্তানের নাটক ও গান নিষিদ্ধ থাকলেও দর্শকদের উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি।

ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ থাকার পরও ভিপিএন এবং গোপন 'ওয়াচ পার্টি'র মাধ্যমে সেগুলো লুফে নিচ্ছেন ভারতীয় দর্শকরা। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে কীভাবে পাকিস্তানি নাটকে মজে আছে ভারতীয়রা।

পাকিস্তানের অন্যান্য নাটক, গান ও অনুষ্ঠানের মতো ‘দার-ই-নিজাত’ও ভারতে সরকারিভাবে নিষিদ্ধ। তারপরও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে নাটকটির দৃশ্য বিনিময়, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাসিত হয় ভারতীয় দর্শকরা।

‘আবু বকর’-এর সহানুভূতিশীল স্বভাব ভারতীয় দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। সোশ্যাল মিডিয়ায় দর্শকরা মজা করে লিখছেন—“সবর কা ফল নাহি, আবু বকর চাহিয়ে” (ধৈর্যের ফল নয়, আমাদের আবু বকরকে চাই)।

শুধু অনলাইনেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় নাটকটি দেখার জন্য আয়োজন করা হচ্ছে সম্মিলিত প্রদর্শনী ও ওয়াচ পার্টি। ভারতের বিভিন্ন শহরে নাটকটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ায় এসব প্রদর্শনী নিয়ে পুলিশের সঙ্গে আয়োজকদের অনেকটা লুকোচুরি চলছে।

আগামী সপ্তাহের শেষদিকে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে নাটকটির অন্তত দুটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর সেগুলো বাতিল করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা ও প্রদর্শনী বাতিলের চেষ্টা নাটকটির জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারেনি।

বেঙ্গালুরুরতে নাটকটির এক ভক্ত বলেন, আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। তার সহানুভূতিশীল আচরণের কারণে আমি তাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আজকাল বেশিরভাগ পুরুষের মধ্যে এমন গুণের অভাব দেখা যায়।

নিষেধাজ্ঞার প্রেক্ষাপট:

একাধিক যুদ্ধ এবং প্রায় সার্বক্ষণিক উত্তেজনা সত্ত্বেও ভারত ও পাকিস্তান দশকের পর দশক ধরে সাংস্কৃতিক বিনিময় চালু রেখেছিল—যদিও দেশ দুটি মাঝেমধ্যে একে অপরের ওপর বিধিনিষেধ আরোপ করত।

তবে গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লি সরকার পাকিস্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগ ক্রমশ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনায়, ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা বা অনুষ্ঠান পরিবেশনের ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে।

২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতি আরও বদলে যায়।

ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। ওদিকে, পাকিস্তান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। তবে কাশ্মীরে ওই হামলার ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়।

এরপর মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সব ধরনের পাকিস্তানি নাটক, গান ও সিনেমা নিষিদ্ধ করে ভারত। সম্প্রতি নেটফ্লিক্সকেও একটি পাকিস্তানি সিরিজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Image

কাশ্মীরে শ্রীনগরের প্রেক্ষাগৃহ নীলাম সিনেমার বাইরে পাকিস্তানি চলচ্চিত্র ‘খুদা কে লিয়ে’-র পোস্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স

যেভাবে নিষেধাজ্ঞা অকার্যকর হচ্ছে:

২০১৬ সালে চীনে দক্ষিণ কোরীয় পপ সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা প্রায় এক দশক কার্যকর ছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই প্রচেষ্টা সফল হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে।

এর কারণ, দুই দেশের প্রযুক্তিগত ও নিয়ন্ত্রণব্যবস্থার পার্থক্য। চীন তার নাগরিকদের ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করে। কিন্তু ভারত ইউটিউব নিয়ন্ত্রণ করে না।

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুযায়ী সরকার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে যে কোনও কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে, যা সাধারণত গোপন রাখা হয়। এরই ধারাবাহিকতায় ভারতের দর্শকদের জন্য পাকিস্তানি চ্যানেলগুলোতে ‘জিও-ব্লক’ (ভৌগোলিক সীমাবদ্ধতা) কার্যকর করেছে ইউটিউব।

তবে জিও-ব্লক কেবল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, দর্শককে নয়। ভিপিএন ব্যবহার করলে দর্শকের অবস্থান বদলে যায়। ফলে যে কেউ এভাবে নাটক ডাউনলোড করে ভারতের ভেতরের কোনও অ্যাকাউন্ট থেকেই তা আবার আপলোড করে দিতে পারছেন।

পর্যবেক্ষক সংস্থা টপ১০ভিপিএনের তথ্যমতে, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার দিনেই ভারতে ভিপিএন খোঁজার হার ৭২ শতাংশ বেড়ে যায়। দুই দেশের সরকারের পাল্টাপাল্টি অনলাইন কনটেন্ট ব্লক করার সিদ্ধান্তের কারণেই এই চাহিদা বেড়েছে বলে মনে করে সংস্থাটি।

নাটক থেকে আয় বাড়ছে পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর

ভারতে ডাউনলোড করা ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখার প্রবণতা দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর জন্য লাভজনক হয়ে উঠেছে। ‘দার-ই-নিজাত’ সম্প্রচার করা পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক এআরওয়াই ডিজিটালের ব্যবসাতেও ভারতীয় দর্শকদের বড় অবদান রয়েছে।

পাকিস্তানের ‘এআরওয়াই এন্টারটেইনমেন্ট’-এর প্রধান জারজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তার মতে, বর্তমান যুগে কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি থামানো অসম্ভব।

সেজার এই কথার বাস্তব ভিত্তি আছে। ২০২২ সালের নাটক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ধারাবাহিক ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতেও জনপ্রিয় হয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জাব্বার জানিয়েছেন, ভারতীয় দর্শকরা তার ‘ড্র বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’সহ বিভিন্ন সিরিজ নিয়ে তাকে বার্তা পাঠান।

ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটক এত জনপ্রিয় হয় কেন?

‘তেরে বিন’ বা ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মতো নাটকের ধারাবাহিকতায় পাকিস্তানি নাটকের মানসম্মত নির্মাণ ও সাংস্কৃতিক মিল ভারতীয়দের টানছে।

তাছাড়া বলিউডের গৎবাঁধা উপস্থাপনার বিপরীতে পাকিস্তানি নাটকে মুসলিম চরিত্র ও সংস্কৃতিকে অত্যন্ত স্বাভাবিক ও মার্জিতভাবে তুলে ধরায় ভারতীয় দর্শকরা এটি পছন্দ করছেন।

জারজিস সেজার মতে, পাকিস্তানের বিনোদন শিল্পের নির্মাণ মানও গত কয়েক বছরে অনেক ভাল হয়েছে। তিনি বলেন, “আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবসম্মত, মানুষের জীবনঘনিষ্ঠ এবং সহজেই দর্শকদের আকৃষ্ট করতে পারে।”

ওদিকে, সাংস্কৃতিক উদ্যোক্তা সুফিয়ান খানের মতে, ভারতীয় সিনেমা ও টিভি নাটকে অনেক সময় মুসলিম চরিত্রগুলোকে গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। সেই তুলনায় পাকিস্তানের ‘দার-ই-নিজাত’ নাটকে ইসলামের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

সংস্কৃতির অপ্রতিরোধ্য শক্তি:

যুদ্ধকালীন রাজনীতিতে সংস্কৃতি অস্বস্তিকর একটি বিষয়; কারণ এটি শত্রুকেও আপন বা চেনা করে তোলে। কিন্তু প্রযুক্তির এই যুগে সরকারের পক্ষে পুরো সমাজকে ডিজিটাল দেয়াল তুলে আটকে রাখা কঠিন হয়ে পড়েছে।

দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বর্য ভার্মা বলেন, “গত কয়েক বছরে বিপুলসংখ্যক ভারতীয় পাকিস্তানি টিভি শো, গান এবং ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট দেখছে। সংস্কৃতি ও তথ্যপ্রবাহের এই গণতন্ত্রায়ণের ফলে একে অপরকে নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে যাচ্ছে। আগে আমরা সীমান্তের ওপারের ভাইবোনদের সম্পর্কে খুব বেশি জানতাম না, তারাও আমাদের সম্পর্কে কম জানত।”

উদাহরণস্বরূপ, পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা হানিয়া আমির তার গানের জন্য ভারতে বেশ জনপ্রিয়। তার সাম্প্রতিক গান ‘পাবলো’-তে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও দেখা গেছে। ভার্মা বলেন, “আমরা সবাই এখন তার গান শুনছি। কে ভেবেছিল এমনটা হবে?”

পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, ভারত যে ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, তা খুব কমই কাজে আসে। তার মতে, “প্রযুক্তি বদলে যাচ্ছে। এটি সীমান্ত এবং নিষেধাজ্ঞা—উভয়কেই অপ্রাসঙ্গিক করে তুলছে। সরকার নিষেধাজ্ঞা দেয় কারণ সংস্কৃতি দৃশ্যমান এবং এটি আটকে দেওয়া সহজ। পাকিস্তানও একই কাজ করেছে। সেখানে দশকের পর দশক ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল।”

তবুও, ভারতে পাকিস্তানি নাটকের মতোই পাকিস্তানে পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউড ঠিকই টিকে ছিল ও জনপ্রিয়তা পেয়েছিল।

বিসারিয়া আরও বলেন, “দুই দেশ চাক বা না চাক, ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে সংস্কৃতি বরাবরই এক বিশাল সেতুবন্ধন হিসেবে কাজ করেছে।” আর ‘দার-এ-নিজাত’ নাটকটি প্রমাণ করছে যে, সংস্কৃতির সেই শক্তি এখনও অটুট।