পশ্চিমবঙ্গে এনকাউন্টার চলবে, অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: বিজেপি নেতা দিলীপ
পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাট বানানোর ঘোষণা দিয়েছেন ভারতের এই বিজেপি নেতা। এনকাউন্টারের পক্ষে সাফাই গেয়ে সমালোচকদের বাংলাদেশে যেতে বলে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যটিকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্য পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, যার পোষাবে না সে যেন বাংলাদেশে চলে যায়।
দিলীপ তার নীতির সমালোচকদের ‘ভিসা ছাড়াই বাংলাদেশে’ পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অপরাধকবলিত সমাজকে অপরাধমুক্ত করতে’ এমন পদক্ষেপ জরুরি এবং তা অব্যাহত থাকবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর গত ছয় মাসে রাজ্যে পাঁচটি পুলিশি এনকাউন্টারের ঘটনার খবর সামনে এসেছে।
বিচারবিভাগের উপর আস্থা না-রেখে কেন এই পন্থা তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের মতে, এ ধরনের বিচারবহির্ভূত বলপ্রয়োগে বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হতে পারে।
সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেছেন, “একসময় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল। আমরা বাংলাকে উত্তর প্রদেশ ও গুজরাট বানাব। কারও সাহস থাকলে আটকে দেখাক। বাংলায় থাকতে যাদের সমস্যা হচ্ছে, তারা চলে যাক।”
নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, “বাংলা উত্তর প্রদেশ হলে সমস্যা কী? যাদের সমস্যা আছে, তারা বাংলাদেশে চলে যেতে পারে। আমি ভিসা ছাড়াই তাদের পাঠিয়ে দেব। আমি দরজা খুলে দিচ্ছি। বাংলায় বসবাস করতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের চলে যাওয়া উচিত।”
অপরাধ দমনে সরকার পিছু হটবে না জানিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, “প্রয়োজনে আরও অনেক কিছু হবে। শুধু এনকাউন্টারের কথা বলছেন কেন? বুলডোজার কি ব্যবহার হচ্ছে না? সমাজ ও রাজনীতিকে অপরাধকবলিত করা হয়েছে। আইন ও পুলিশ পরিস্থিতি ঠিক করতে কাজ করছে।”
বিশ্বের বিভিন্ন দেশ ও ভারতের একাধিক রাজ্যে এনকাউন্টার হয় দাবি করে তিনি বলেন, “যাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তারা এসব ব্যবস্থা নেয় না, বরং তারা অপরাধীদের সঙ্গে আপস করে। আমাদের সরকার তা করবে না।”
নারীদের, বিশেষ করে হিন্দু নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের উদাহরণ দিয়ে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, “হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের মতোই পরিণতি হবে। ৫০০ এনকাউন্টারও যথেষ্ট হবে না। ৫০ বছর ধরে গ্রামবাংলায় অপরাধীরা দায়মুক্তি নিয়ে ঘুরে বেড়িয়েছে, যার ফলে নারীরা ভয়ে ভয়ে বাজার ও অন্যান্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন।” এমন পরিস্থিতি আর বরদাশত করা হবে না বলে জানান তিনি।
ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে ‘বহিরাগত শক্তি’ হিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা রয়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফলের পর ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি জিততে ব্যর্থ হলে তৃণমূল কংগ্রেস দলটিকে ‘বাংলা ও বাঙালিবিরোধী’ আখ্যা দিয়ে প্রচার চালায়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল আঞ্চলিক পরিচয়ের বিষয়টি সামনে আনে এবং সে সময় রাজ্যে বিজেপি’র আসন ১৮ থেকে কমে ১২-তে নেমে আসে।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। সরকার পরিবর্তনের পর বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও আঞ্চলিক পরিচয় নিয়ে নতুন করে বিতর্কের মধ্যেই দিলীপ ঘোষের এই মন্তব্য সামনে এল।
মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সতর্ক করে বলেছেন, ব্যতিক্রমী পুলিশি পদক্ষেপকে সমাজের স্বাভাবিক নিয়মে পরিণত করা বিপজ্জনক।
তিনি বলেন, “এনকাউন্টার একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। এটি একটি ব্যতিক্রমী বিষয়। কিন্তু সমাজে রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা ভয়ংকর হয়ে ওঠে। ব্যতিক্রম কখনও নিয়ম হতে পারে না।”
