অনুশীলনে হামজা, আরও উজ্জীবিত বাংলাদেশ
সকালে ঢাকায় এসে হালকা বিশ্রাম নিয়ে সতীর্থদের সাথে শ্রীলঙ্কা ম্যাচের অনুশীলন সেরেছেন হামজা চৌধুরী।
সকালে নেমেছেন ঢাকায়। এরপর সতীর্থদের সাথে দেখা করে, নাস্তা সেরে হালকা বিশ্রাম। দুপুরের পরই তিনি টিম বাসে করে চলে এলেন এবিজি স্পোর্টস কমপ্লেক্সে। বাংলাদেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে হামজা চৌধুরী এতটাই উন্মুখ!
হামজার অনুপস্থিতিতেই অবশ্য ২০০৩ সালের পর সাফ শিরোপা ফিরে পাওয়ার পথে যাত্রা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনাল খেলাও নিশ্চিত করেছে টমাস ডুলির দল। বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সেরা চারে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে নির্ভার হয়েই খেলতে পারবেন হামজা। তবে, প্রস্তুতি তিনি নিলেন আটঘাঁট বেঁধে। একটু দেরিতে মাঠে ঢুকে তিনি এক ছুটে চলে গেলেন অন্য কোণে, যেখানে সবাই অনুশীলনে ব্যস্ত।
গা-গরমের পর জুটিবদ্ধ হয়ে করা অনুশীলনে হামজার সঙ্গী হলেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে জয়ে একমাত্র গোলটি করে এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজা-ইব্রাহিমের বোঝাপড়া দলের জন্য গুরুত্বপূর্ণ, সেটাই যেন ফুটে উঠল ওই দৃশ্যে।
হামজা আসায় কেবল দলের মধ্যে নয়, সমর্থকদের মধ্যেও যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে, তা বললেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
“অবশ্যই হামজা আমাদের জন্য অনেক দরকারি একজন খেলোয়াড়। কারণ, সে আসাতে দলের প্রতিটা খেলোয়াড় আরও উজ্জীবিত হয়েছে। সে হোটেলে ঢুকেই ডাইনিংয়ে চলে গিয়েছিল। তখন ব্রেকফাস্ট করছিল সবাই, সবার সাথে দেখা করেছে এবং সবার সাথে বসে নাস্তা করেছে। আমি মনে করি, তার যোগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
“খেলোয়াড়রাও চাচ্ছিল যে হামজা চলে আসুক। আপনারা জানেন সে নিজ দায়িত্ব নিয়ে খেলে এবং যতটুকু সম্ভব, নিজেকে উজাড় করে দেয়। অনুশীলনে তার উপস্থিতিই বলে দিচ্ছে যে, উনি কী চাচ্ছেন এবং উনি কী দিতে চাচ্ছেন দেশবাসীকে।”
