১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো’

অনুশীলনে নামার আগে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের ও দলীয় লক্ষ্য জানালেন ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

‘ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো’

অনুশীলনের আগে সাংবাদিকদের সামনে হামজা চৌধুরী। ছবি: মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:19 PM

Updated : 10 Nov 2026, 06:19 PM

ততক্ষণে প্রস্তুতিতে নেমে পড়েছেন জামাল-ইব্রাহিমরা। হামজা চৌধুরী এলেন দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার রোমাঞ্চ ফুটে উঠল তার চোখে-মুখে আর কথায়। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার আত্মবিশ্বাস ভরা কণ্ঠে বললেন, সব ম্যাচ জিততে চান।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাত আটটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুরু করা টমাস ডুলির দল ইতোমধ্যে উঠেছে সেমি-ফাইনালে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য হামজার।

“আসসালামু আলাইকুম। প্রথমত আমি ভীষণ রোমাঞ্চিত (দেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে)। আমরা সবাই রোমাঞ্চিত। অবশ্যই সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোমেন্টাম ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের), খুব চাপ আছে, ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবো।

“আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সাথে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।”

ভুটানের বিপক্ষে একমাত্র গোলের দেখা পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৬৫ মিনিট। অনেক ব্যর্থ প্রচেষ্টার পর মোহাম্মদ ইব্রাহিম খোলেন ম্যাচের ডেডলক।

দলের ফরোয়ার্ডদের নিয়মিত গোল না পাওয়ার আক্ষেপ ফের আলোচনায়। হামজা অবশ্য এ নিয়ে ভাবছেন না। তার মনে হচ্ছে, সুযোগ তৈরির ধারাটুকু ধরে রাখতে পারলে গোলও আসবে।

“স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব; আরও ম্যাচ জিততে পারব।”

“দুঃশ্চিন্তা নাই (ভুটান ম্যাচের গোল মিস নিয়ে)। দুঃশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি। আমি যেটা বলতে চাইছি, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাল্লাহ সেটাকে গোলে রূপ দিতে পারব।”