সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
প্রতিপক্ষকে সমীহ করলেও, নিজেদের ওপর আস্থার কমতি নেই হামজা চৌধুরীর।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। হামজা চৌধুরী তেমনটা ভাবছেনও না। লাল-সবুজের জার্সিতে সাফে প্রথম খেলার অপেক্ষায় থাকা এই তারকা নিজের দলকেও পিছিয়ে রাখছেন না।
প্রতিযোগিতাটিতে তিনবার দেখা হয়েছে এই দুই দলের; শ্রীলঙ্কা একবার জিতেছে ২০০৮ আসরে, আর পরের দুই দেখায় (২০০৯ ও ২০২১) জয়ের হাসি বাংলাদেশের।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাত ৮টায় গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভুটানকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ২-২ ড্রয়ে ঝুলে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলে বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার। ১৯ প্রবাসী ফুটবলার নিয়ে আসা দলটি স্বাভাবিকভাবে ‘মরণকামড়’ দিতে চাইবে। হামজা তাই সতর্ক। তবে, নিজের দল নিয়েও তার কণ্ঠে আত্মবিশ্বাসের স্ফুরণ।
“শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। আমার মনে হয়, গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ ছিল, সেটা আমরা জিতেছি। সেই জয়ের আত্মবিশ্বাস আমাদের আছে। ম্যাচটা শ্রীলঙ্কার জন্য চাপের। কেননা, তারা হারতে চাইবে না। আমরাও সামনের দিকে তাকিয়ে আছি। ইনশাল্লাহ আমরা জিতব।
“বাংলাদেশের জন্য, সব মানুষের জন্য সাফ জিততে চাই। বিশেষ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। মানুষ আমাকে এত সমর্থন করে, ভালোবাসা দেয়, আমি ইংল্যান্ডে খেলার সময়ও বাংলাদেশের সমর্থকরা ভ্রমণ করে আমার খেলা দেখতে আসে। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু। ইনশাল্লাহ, আমি যদি পারি, তাহলে তাদের প্রতিদান দিব (সাফ জিতে)।”
