১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবণের ভুল পাকিস্তান কোচের কাছে ‘খেলারই অংশ’

হামজা চৌধুরীকে স্বাধীনভাবে খেলতে না দেওয়ার ছক শিষ্যরা বাস্তবায়ন করতে পারায় খুশি পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো।

শ্রাবণের ভুল পাকিস্তান কোচের কাছে ‘খেলারই অংশ’

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার উচ্ছ্বাস সামাদ-ইজাজদের। ছবি: পাকিস্তান ফুটবল ফেডারেশন ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:31 PM

Updated : 15 Nov 2026, 12:31 PM

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের পেছনে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রোয়ের দায় দেখছেন অনেক। তবে, পাকিস্তান কোচ নেলবের্তো সোলানোর দৃষ্টিতে সেটা কোনো ভুল নয়; বরং খেলারই অংশ। হামজা চৌধুরীকে স্বাধীনভাবে খেলতে না দেওয়া, নিজেদের রক্ষণ জমাট রাখা এবং সুযোগ কাজে লাগাতে পারা-এই ধাপগুলো পেরিয়ে জয় এসেছে, মনে করেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১-০ ব্যবধানে জয়ে গোলটি করেন আব্দুল সামাদ শেহজাদ। শ্রাবণের ভুল থ্রো থেকে সতীর্থদের পা ঘুরে আসা বল ৮৬তম মিনিটে জালে জড়িয়ে দেন তিনি। তবে, গোলকিপারের ওই ভুলকে বড় করে দেখছেন না সোলানো।

“ওহ না, (এটি ভুল নয়) এটি খেলারই অংশ। যেমনটা বললাম, আপনাদের খুব ভালো একটি দল আছে, খুব ভালো একজন কোচ আছেন, তো এটাই ফুটবল। কখনও কখনও এমনটা ঘটে।

“সত্যি বলতে, ম্যাচটা ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দুই দলের গোলমুখেই পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচের একটা সময় মনে হচ্ছিল যেকোনো দলই জিততে পারে, তবে আমরা বেশ জমাট ছিলাম। আপনি যদি দেখেন, ওরা কেবল দু-একটি পরিষ্কার সুযোগ পেয়েছিল, যদি আমি ভুল না করি- হয়তো ভিডিওটা আবার দেখতে হবে—তবে আমরা খুব জমাট ছিলাম।”

ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী যোগ দেওয়ার পর আরও উজ্জীবিত হয়ে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে গ্রুপে পর্বের শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। হামজাও পেয়েছিলেন জালের দেখা। অভিজ্ঞতায় এগিয়ে থাকা হামজাকে আটকে রাখার কৌশল কাজে দেওয়ায় খুশি পাকিস্তান কোচ।

“আমরা জানতাম ওদের হামজা আছে, সে দারুণ একজন খেলোয়াড়, দলে তার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। সে বল পায়নি, কারণ আমরা সেই জায়গাটা আটকে দিয়েছিলাম, আর এটাই ছিল দলের পরিকল্পনার অংশ: তাকে যেন বল পায়ে স্বাধীনভাবে খেলতে দেওয়া না হয়, কারণ সে ভীষণ অভিজ্ঞ খেলোয়াড়।

“সবমিলিয়ে বিষয়গুলো এমনই ছিল। আমরা একটা সুযোগ পেয়েছি এবং আপনি যেমন বললেন…ভুল যে কেউ করতে পারে। তবে আজ এমন অবস্থানে থাকতে পেরে, এমন ম্যাচ খেলে জিতে ফাইনালে উঠতে পেরে আমরা ভীষণ গর্বিত।"