০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চোটে ছিটকে যাওয়া রোনানকে ‘মিস’ করবেন শমিত

তবে রোনানের ঘাটতি পুষিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা কানাডা প্রবাসী মিডফিল্ডারের।

চোটে ছিটকে যাওয়া রোনানকে ‘মিস’ করবেন শমিত

মিডফিল্ডার শমিত সোম। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 06:21 PM

Updated : 01 Nov 2026, 06:21 PM

রোনান বেঞ্জামিন সুলিভানকে সাফ চ্যাম্পিয়নশিপে পাওয়ার আশা বলতে গেলে শেষ হয়ে গেছে। চোট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই তরুণ ফরোয়ার্ড। তাতে ‘নাম্বার-৯’-এর অভাব পুরণে রোনানের অভাব অনুভব করছেন শমিত সোম। তবে কানাডা প্রবাসী এই মিডফিল্ডারের বিশ্বাস, দলে থাকা বাকিরা পূরণ করবেন ঘাটতিটুকু।

আগামী ৫ নভেম্বর পল্টনের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে ২০০৩ সালে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ। এবারের আয়োজনও ঘরের মাঠে। জাতীয় দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠানে দৌড়-এর শোরুম উদ্বোধনে গিয়ে শমিত জানালেন জয়ের আশাবাদ।

“হ্যাঁ, আমরা জিততে চাই সবার জন্য। এটা তো একটা বিশাল বড় টুর্নামেন্ট, আমি বুঝতে পারছি। বাংলাদেশের (দর্শকদের) সামনে খেলতে দারুণ রোমাঞ্চিত। প্রায় এক বছর হতে চলল, সবশেষ আমরা খেলেছি এই স্টেডিয়ামে এবং ওই সময়ে আমরা ভারতকে হারিয়েছি।

“তো আশা করি, আমরা একই রকম ফল পেতে পারি সাফ চ্যাম্পিয়নশিপে। দল তো ভালো করতে চায়, বাংলাদেশের সমর্থকদের জন্য, পুরো দেশের জন্য আমরা জিততে চাই। দেখা যাক, কী হয়; তবে, আমরা পারব বলে আমি আশাবাদী।”

ক্যাম্পে যোগ দিতে দুদিন আগে ঢাকায় এসেছেন শমিত। নিউ ইয়র্ক কসমসে খেলা এই মিডফিল্ডারও রোববার পেয়েছেন চোটের কারণে রোনানের ছিটকে যাওয়ার খবর। হতাশ হলেও তিনি আশাবাদী বাকিদের নিয়ে।

“তোমরা তো (গণমাধ্যমকর্মীরা) আমার থেকে আগে জেনেছ, আমি তো মানে পাঁচ মিনিট-দশ মিনিট আগে শুনেছি। এটা ভীষণ খারাপ খবর। রোনান ভালো, তরুণ ও মেধাবী খেলোয়াড়। কিন্তু যাই হোক, আমাদের অনেক আরও মানসম্পন্ন খেলোয়াড় আছে, আক্রমণভাগে বিকল্প আছে।

“আমাদের চেষ্টা করতে হবে মানিয়ে নেওয়ার। আমরা রোনানকে মিস করব, কিন্তু আমাদের দলে আরও খেলোয়াড় আছে, যারা অবদান রাখতে পারবে। আশা করি, তাদের পারফরম্যান্সে মাঠে আমরা রোনানের অভাব অনুভব করব না। দল মানিয়ে নিবে, এই আত্মবিশ্বাস আমার আছে।”