নেত্রকোণায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪
দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাবাকে সঙ্গে নিয়ে পাসপোর্ট করতে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যান কাউসার বিবি।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান।
আটক রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০) এবং তার মেয়ে কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)।
অন্য দুজন হলেন- উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাবাকে সঙ্গে নিয়ে পাসপোর্ট করতে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যান কাউসার বিবি। তার পরিচয় ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি ধরা পড়লে পাসপোর্ট কার্যালয় থেকে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়।
পরে চেয়ারম্যান কাউসার বিবিসহ সংশ্লিষ্টদের পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে প্রায় দুই মাস আগে জন্মনিবন্ধন তৈরিতে স্থানীয় আজিজুল হক ও আব্দুল জলিলের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পূর্বধলা ইউএনও শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ওই চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
