২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শেডিউলড মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১০ মিনিট থেকে ১৪ দিনের মধ্যে যে কোনো সময়ে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ব্যক্তিগত আলাপ ও গ্রুপ চ্যাটিং উভয় ক্ষেত্রেই শেডিউলড মেসেজ কাজ করবে।

শেডিউলড মেসেজ পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

এ সুবিধা টেক্সট, ছবি ও ভিডিও সমর্থন করবে। ছবি: হোয়াটসঅ্যাপ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:37 PM

Updated : 27 Nov 2026, 06:37 PM

ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত শেডিউলড মেসেজ বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে টেক্সট, ছবি ও ভিডিওর ক্ষেত্রে এ সুবিধা চালু হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ সুবিধা টেক্সট, ছবি ও ভিডিও সমর্থন করবে। এর সহযোগী অ্যাপ ইনস্টাগ্রামে ২০২৪ সাল থেকেই শেডিউলড মেসেজের সুবিধা রয়েছে। ফলে এটা বেশ দেরিতে আসা একটি আপডেট।

ভবিষ্যতে ১০ মিনিট থেকে শুরু করে ১৪ দিনের মধ্যে যে কোনো সময়ে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ব্যক্তিগত আলাপ ও গ্রুপ চ্যাটিং উভয় ক্ষেত্রেই শেডিউলড মেসেজ কাজ করবে।

অ্যাকাউন্টে ফিচারটি চালু হলে সেন্ড বাটন চেপে ধরে রেখে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। এরপর বার্তা পাঠানোর তারিখ ও সময় বেছে নেওয়া যাবে।

এক্ষেত্রে প্রাপক বুঝতে পারবেন না যে এটা শেডিউল করা বার্তা। কারণ তাদের কাছে এটি সাধারণ বার্তার মতোই দেখাবে।

পরীক্ষা বা চাকরির সাক্ষাৎকারের ঠিক আগে কাউকে শুভকামনা জানানো বা প্রাপকের দেশে ঠিক মধ্যরাতে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছানো নিশ্চিত করার মতো ক্ষেত্রে শেডিউলড মেসেজ কীভাবে কাজে লাগতে পারে সে বিষয়ে কয়েকটি সম্ভাব্য ব্যবহারের উদাহরণ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

ভবিষ্যতে পাঠানোর জন্য সময় নির্ধারণ করে রাখা সব বার্তা ব্যবহারকারী দেখতে ও মত বদলালে সেগুলো মুছেও ফেলতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বলেছে, অন্যান্য ব্যক্তিগত বার্তার মতো শেডিউলড মেসেজও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ থাকবে। ফলে কেবল ব্যবহারকারী ও প্রাপক বা প্রাপকরাই সেগুলো পড়তে পারবেন।