১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ‘মেসেজ শেডিউলিং’ সুবিধা

নতুন এ সুবিধার আওতায় ব্যবহারকারীর মোবাইল ডিভাইস বা ফোন বন্ধ বা অফলাইন থাকলেও নির্ধারিত সময়েই বার্তাটি পৌঁছে যাবে।

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ‘মেসেজ শেডিউলিং’ সুবিধা

ব্যক্তিগত চ্যাটিংয়ের পাশাপাশি দলগত বা ‘গ্রুপ চ্যাটিং’য়ের ক্ষেত্রেও ফিচারটি ব্যবহারের সুবিধা থাকছে। ছবি: ডাব্লিউএবিটাইনফো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 10:06 AM

Updated : 13 Oct 2026, 10:06 AM

নির্দিষ্ট সময়ে বার্তা বা মেসেজ পাঠানোর ফিচারের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অপেক্ষা দীর্ঘদিনের। সেই অপেক্ষা এতোদিনে বুঝি ফুরোলো।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি, এতে খুব শিগগিরই যোগ হতে যাচ্ছে ‘মেসেজ শেডিউলিং’ নামের এ সুবিধা।

নিয়মিত রিমাইন্ডার সেট করা, ভিন্ন টাইম জোন’ বা সময়সূচি সামলানো বা কর্মঘণ্টার বাইরে ব্যবসায়িক যোগাযোগ পরিচালনার জন্য ফিচারটি যে অতি দরকারি, সেটা যারা এর অভাব বোধ করেছেন, তারা ভালো জানেন।

প্রতিদ্বন্দ্বী বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রামে ২০১৯ সাল থেকেই ফিচারটি চালু থাকলেও হোয়াটসঅ্যাপে এর অনুপস্থিতি এতদিন চোখে পড়ার মতো ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়া প্ল্যাটফর্ম ডাব্লিউএবিটাইনফো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিটা সংস্করণে ফিচারটি দেখতে পাওয়ার কথা বলেছে।

অ্যান্ড্রয়েড অ্যাপের ‘২.২৬.৮.১১’ বিটা সংস্করণে নতুন এই সুবিধার দেখা মিলেছে। ফিচারটির কার্যকর করার প্রক্রিয়াও টেলিগ্রামের মতোই রাখা হয়েছে, এজন্য ব্যবহারকারীকে মেসেজ পাঠানোর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে।

বাটনে চেপে রাখার সঙ্গে সঙ্গে স্ক্রিনের নিচের অংশে একটি ডায়ালগ বক্স খুলবে, যেখান থেকে বার্তাটি পৌঁছানোর সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করে দেওয়া যাবে।

নির্ধারিত সময়ে বার্তাটি পাঠানোর আগে তা পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি আলাদা সুবিধাও থাকছে।

নতুন এ সুবিধার আওতায় ব্যবহারকারীর মোবাইল ডিভাইস বা ফোন বন্ধ বা অফলাইন থাকলেও নির্ধারিত সময়েই বার্তাটি পৌঁছে যাবে প্রাপকের কাছে।

স্বাভাবিক বার্তার মতোই ‘শেডিউলড’ মেসেজে লেখা, লিংক, ছবি ও ভিডিও পাঠানো যাবে, যা হোয়াটসঅ্যাপের ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে।

মেসেজ তৈরি করার ঠিক ১০ মিনিট পর থেকে শুরু করে সর্বোচ্চ দুই সপ্তাহ বা ১৪ দিন পর্যন্ত যে কোনো সময়ের জন্য মেসেজ শেডিউলের সুযোগ মিলবে।

ব্যক্তিগত চ্যাটিংয়ের পাশাপাশি দলগত বা ‘গ্রুপ চ্যাটিং’য়ের ক্ষেত্রেও ফিচারটি ব্যবহারের সুবিধা থাকছে।

বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ বিটা পরীক্ষকের জন্য ফিচারটি উন্মুক্ত রয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশিসংখ্যক অ্যাকাউন্টে ফিচারটি পর্যায়ক্রমে চালু হবে।

পরীক্ষামূলক বা বিটা সংস্করণ আনুষ্ঠানিকভাবে চলে আসায় খুব শিগগিরই সব ব্যবহারকারীর জন্য ফিচারটির পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচন করা হতে পারে।