২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডিসকর্ড মেসেজ এবার গুগলে, সার্চ থেকে পোস্ট সরাবেন যেভাবে

ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ এসব চ্যানেলে পোস্ট করা বার্তাগুলো হুবহু সার্ভার ওয়েব পেইজ ও বিভিন্ন সার্চ ইঞ্জিনের ফলাফলেও দেখানো হতে পারে।

ডিসকর্ড মেসেজ এবার গুগলে, সার্চ থেকে পোস্ট সরাবেন যেভাবে

চ্যানেল বা ব্যক্তিগত বার্তার কোথাও সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইউজারনেইম বা প্রোফাইল ছবি দেখানো হবে না। ছবি: ডিসকর্ড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 09:06 PM

Updated : 28 Oct 2026, 09:06 PM

নীতিমালায় বড় পরিবর্তন আনছে মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড। এর মাধ্যমে গুগল সার্চে এবার সরাসরি চলে আসছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্মটির বিভিন্ন পাবলিক সার্ভারের আলোচনা।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, আগামী ১৬ নভেম্বর থেকে প্ল্যাটফর্মটির ‘ডিসকভারএবল সার্ভার’গুলোতে চালু হতে যাচ্ছে ‘সার্ভার ওয়েব পেইজ’।

এসব হাবের মাধ্যমে সার্ভার সম্পর্কিত কিছু প্রাথমিক তথ্য প্রকাশ হবে, যার মধ্যে থাকবে নির্দিষ্ট বিবরণ ও পাবলিক চ্যানেলগুলোতে চলমান আলোচনাগুলোর সারসংক্ষেপ।

ডিসকর্ড বলেছে, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ এসব চ্যানেলে পোস্ট করা বার্তাগুলো হুবহু সার্ভার ওয়েব পেইজ ও বিভিন্ন সার্চ ইঞ্জিনের ফলাফলেও দেখানো হতে পারে।

তবে চ্যানেল বা ব্যক্তিগত বার্তার কোথাও সংশ্লিষ্ট ব্যবহারকারীর ইউজারনেইম বা প্রোফাইল ছবি দেখানো হবে না।

নীতিমালা পরিবর্তনের বিষয়ে ডিসকর্ড বলেছে, এমন পদক্ষেপের উদ্দেশ্য কমিউনিটির ভেতরের তথ্য যেন ওয়েব সার্চে আরও সহজে খুঁজে পাওয়া যায়।

“সহজ কথায়, আপনি হয়ত ঠিক সেভাবেই ডিসকর্ডের পেইজ ও বার্তাগুলো দেখতে পাবেন, যেভাবে সার্চ রেজাল্টে সাধারণত কোনো রেডিট থ্রেড খুঁজে পাওয়া যায়।”

মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ডের নতুন ফিচারভিত্তিক পরিবর্তনটি কেবল ‘ডিসকভারএবল সার্ভার’-এর জন্য প্রযোজ্য হবে।

এক হাজার সদস্য থাকা এসব বড় কমিউনিটিতে যোগ দিতে কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় না। তবে প্রাইভেট সার্ভার, ডাইরেক্ট মেসেজ ও ‘গ্রুপ ডিএম’ সম্পূর্ণ আগের মতোই গোপন ও সুরক্ষিত থাকবে।

সম্প্রতি বয়স যাচাইকরণ নীতি বাস্তবায়ন নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ডিসকর্ড। ফলে নতুন সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের তথ্যের প্রাইভেসি নিয়ে ফের নতুন প্রশ্নের জন্ম দিতে পারে বলে ধারণা প্রযুক্তি সংশ্লিষ্টদের।

তবে এ ফিচারের মাধ্যমে উন্মুক্ত মেসেজগুলো গুগলে দেখা গেলেও এটা বন্ধ রাখা এবং প্রাইভেসি সুরক্ষার সুযোগও দিচ্ছে প্ল্যাটফর্মটি।

এখন থেকেই এসব ডিসকভারএবল সার্ভারের অ্যাডমিনরা চাইলে তাদের কোনো নির্দিষ্ট বা সব চ্যানেলকে এই সার্চ ইন্ডেক্সিং সুবিধার বাইরে রাখার জন্য পদক্ষেপ নিতে পারেন।

অন্যদিকে, ব্যবহারকারীরাও নিজেদের অ্যাকাউন্টের ‘ইউজার সেটিংস’-এ থাকা ‘ডেটা অ্যান্ড প্রাইভেসি’ সেকশনে গিয়ে তাদের বিভিন্ন পোস্ট যেন ওয়েব পেইজে বা সার্চ ইঞ্জিনে না আসে সেই সেটিং ঠিক করে নিতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে স্থানীয় আইন ও নির্দেশনার কারণে অপশনটি সেসব জায়গায় ডিফল্টভাবে বন্ধ থাকবে।

এসব অঞ্চলে ফিচারটি চালু করতে ব্যবহারকারীদের ম্যানুয়ালি ‘অপ্ট-ইন’ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিষিদ্ধ রেখেছে ডিসকর্ড।

প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ডিসকভারএবল সার্ভারে তাদের পোস্ট করা মেসেজ দেখানোর অপশনটি চালু করা যাবে না।