০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মঞ্চে আসছে ভৈরবীর ‘সোনাই’, পরপর দুই প্রদর্শনী শিল্পকলায়

‘সোনাই’ নাটকে বাংলার লোকজ জীবন, বিশ্বাস, সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 01:08 PM

Updated : 07 Nov 2026, 01:08 PM

বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ভিত্তি করে মঞ্চে আসছে নাট্যদল 'ভৈরবীর' নতুন নাট্যপ্রযোজনা ‘সোনাই’।

শনিবার ও রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুদিনই সন্ধ্যা সোয়া ৭টায় নাটকের প্রদর্শনী শুরু হবে।

‘সোনাই’ নাটকে বাংলার লোকজ জীবন, বিশ্বাস, সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান, বন্দনা এবং চর্যাপদের সংগীতধারার মত ঐতিহ্যবাহী পরিবেশনার অনুষঙ্গগুলো এতে বিশেষভাবে স্থান পেয়েছে।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ইলিয়াস নবী ফয়সাল।

তিনি জানিয়েছেন, লোকজ এসব শিল্পরীতির ভেতর দিয়ে বাংলার সাংস্কৃতিক স্মৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরাই এ প্রযোজনার মূল লক্ষ্য। ঐতিহ্যের বহুমাত্রিক প্রকাশ ও নিজস্ব সাংস্কৃতিক স্মৃতিকে আধুনিক প্রেক্ষাপটে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এই নাটকে।

প্রযোজনাটিতে সহকারী নির্দেশক হিসেবে কাজ করছেন ধ্রুব বেপারী। এছাড়া আলোক নির্দেশনায় ফজলে রাব্বি সুকর্ণ, সংগীত নির্দেশনায় দীপ্ত সেন, মঞ্চ পরিকল্পনায় অতনু রায়, প্রপস ও পোশাক পরিকল্পনায় অর্পিতা বিশ্বাস এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন মাহমুদা ইয়াসমিন কনা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কানিজ ফারজানা আরেফিন, মো. তানভীর, ধ্রুব বেপারী, মাহমুদা কনা, হৃদয় ঘোষ রাজীব, পারমিতা রায়, মিথিলা পাল, আয়রা মৌ, নাজমুল হাসান, ইনান খান ও উম্মে তাবাসসুম দিয়া মনি।