সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের নতুন নাটক ‘একটি মোরগের কাহিনী’
খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে নাটকটির উদ্বোধনী হবে।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ ঘিরে তার কবিতা অবলম্বনে নতুন নাটক মঞ্চে আনছে ‘আরণ্যক’ নাট্যদল। নাটকের নাম ‘একটি মোরগের কাহিনী’।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। আগামী শুক্রবার খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে নাটকটির উদ্বোধনী হবে।
এরপর আগামী ২৪ নভেম্বর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে।
‘আরণ্যক’ নাট্যদলের নির্দেশক অপু মেহেদী জানিয়েছেন, সুকান্তের জন্মশতবর্ষ ঘিরে আগামী ২৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে ‘হে মহাজীবন’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের পাশাপাশি ‘একটি মোরগের কাহিনী’ নাটকটি দেখানো হবে।
এটি ‘আরণ্যকের’ ৬৭তম প্রযোজনা।
সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’ এর ‘একটি মোরগের কাহিনী’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে রচিত। একটি মোরগের জীবন ও পরিণতির রূপকে কবি এখানে শ্রেণিবৈষম্য, শোষণ ও ক্ষমতার অসম সম্পর্কের বাস্তবতা তুলে ধরেছেন। নাটকটিতে সেই রূপককে সমকালীন মঞ্চভাষায় ফুটিয়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন নির্দেশক অপু।
নতুন এই প্রযোজনা নিয়ে ‘আরণ্যক’ নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, “সুকান্তকে শতবর্ষী মনে করতেই পারছি না। একুশ বছরেই যেন সে আটকে আছে। সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন, মহাজীবনের স্বপ্ন দেখেছিলেন।
যদিও তার সাহিত্যের ইতিহাস খুব দীর্ঘ নয়, কিন্তু এই অল্প সময়েই তিনি আমাদের মেহনতি মানুষের পক্ষে কথা বলা শিখিয়েছিলেন। আরণ্যক নাট্যদলও একই আদর্শ নিয়ে নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে নিয়ে আমাদের এই আয়োজন।”
নাটকটি নিয়ে নির্দেশক অপু মেহেদী বলেন, “ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের যে পৃথিবী এখনো আমাদের ঘিরে রেখেছে, সেখানে সুকান্তের স্বপ্ন ও প্রতিবাদ আজও সমান জীবন্ত। সময় বদলেছে, কিন্তু তার ‘শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী’ এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াসই ‘একটি মোরগের কাহিনী’।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু।
এছাড়া মঞ্চ ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় হাশিম মাসুদ, পোশাক পরিকল্পনায় রুবলী চৌধুরী এবং সংগীত পরিকল্পনায় রয়েছেন মরু ভাস্কর।
