১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ বাসের সংঘর্ষে হেলপার নিহত

এ ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 03:15 PM

Updated : 19 Nov 2026, 03:15 PM

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। তবে পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৈরী আবহাওয়ার মধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের একটি বাকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং সড়কের পাশে ছিটকে যায়।

এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, নিহত হেলপারের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।