রেফারিকে পাথর মেরে ৮ বছর নিষিদ্ধ ফুটবলার
একই সঙ্গে ওই ফুটবলারের ক্লাবকেও বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে।
ম্যাচ চলাকালীন মেজাজ হারিয়ে সহকারী রেফারির দিকে পাথর ছুড়ে মেরে ক্যারিয়ার শেষ হতে বসেছে একুয়েডরের ফুটবলার ইয়ন পেরলাসার। ৩০ বছর বয়সি এই মিডফিল্ডারকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল সংস্থা।
গত ১৭ অক্টোবর দেশটির তৃতীয় বিভাগে পেরলাসার ক্লাব সিউদাদ দে ইয়ান্তসাসা ও রিও আগারিকোর ম্যাচে ৯৬তম মিনিটে ঘটনাটি ঘটে। সহকারী রেফারি লেনিন ওহেদা আঘাত পাওয়ার পর ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।
এক মাস পর বুধবার ওই খেলোয়াড় ও তার ক্লাবকে শাস্তি দিয়ে বিবৃতি দিয়েছে একুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)।
“(ওই ঘটনায়)সহকারী রেফারি (ওহেদা) গুরুতর আঘাত পান এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়, এবং সেরে উঠতে তার ৬০ দিনের মতো সময় লাগবে।
“একজন ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে শারীরিকভাবে আগ্রাসী আচরণের জন্য ডিসিপ্লিনারি কমিটি ওই খেলোয়াড়কে দোষী পেয়েছে এবং ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করা হচ্ছে, ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত।”
একই সঙ্গে তার এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করতে ফিফাকে অনুরোধ করা হবে বলেও জানিয়েছে এফইএফ।
আর ক্লাব ইয়ান্তসাসাকে দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া আহত সহকারি রেফারির চিকিৎসা খরচের জন্য আরও চার হাজার ৩৬৯ ডলারও দিতে হবে ক্লাবটিকে।
ওই ঘটনার দুই দিন পর অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য রেফারি ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছিল ইয়ান্তসাসা।
