হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় শাস্তি, ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত
ইরানের আইনে নারীদের জনসমক্ষে গান পরিবেশন নিষিদ্ধ এবং তাদের মাথায় হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
হিজাব না পরে কনসার্টে গান গেয়েছিলেন। দু’বছর আগের সেই ঘটনায় অভিযুক্ত ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে এবার শাস্তি দিল ইরান।
তাকে ৭৪ বার বেত্রঘাত করা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে পারাস্তুর গানের দলের অপর তিন সঙ্গীতশিল্পী এবং এক প্রযোজককে। কোম শহরে তাদেরকে এই সাজা দেওয়া হয় বলে বিবিসি-কে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী দলের এক সদস্য।
২৯ বছর বয়সী পারাস্তু ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতকাটা পোশাক পরেছিলেন। ইরানের আইনে নারীদের জনসমক্ষে গান পরিবেশন নিষিদ্ধ এবং তাদের মাথায় হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
পারাস্তুকে গত জুনে দোষী সাব্যস্ত করে ইরানের কোম শহরের এক ফৌজদারি আদালত। গায়িকা পারাস্তুর সঙ্গে আরও আটজনকে দোষী ঘোষণা করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা অশালীন বা অশ্লীল ভিডিও/বিষয়বস্তু প্রকাশ করে সমাজের শালীনতা নষ্ট করেছেন—যদিও অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
৭৪টি বেত্রাঘাতের সাজার পাশাপাশি তাঁদেরকে দুই বছরের জন্য সঙ্গীত পরিবেশন এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ওই রায় বাতিল করার জন্য বা অন্তত সাজা কমানোর জন্য কোমেরই এক আপিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন পারাস্তু। কিন্তু গত সেপ্টেম্বরে তার আর্জি খারিজ হয়ে যায়।
এরপরই সোমবার তাদের বেত্রাঘাতের সাজা কার্যকর হল ইরানে। পারাস্তুর এক আইনজীবী ‘বিবিসি’কে বলেন, “আমরা সাধ্যমতো সবরকম চেষ্টা করেছিলাম। কিন্তু (শাস্তি) আটকাতে পারলাম না।”
সোমবার বিবাদী পক্ষের এক আইনজীবী বিবিসি-কে জানান, কোম শহরের ক্রিমিনাল সেন্টেন্স এনফোর্সমেন্ট অফিসের তৃতীয় শাখায় পারাস্তু এবং অন্যান্যদের বেত্রাঘাত করা হয়েছে।
পারাস্তু এবং তার সঙ্গীদের চাবুকপেটা করার খবর প্রকাশ্যে আসার পর বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এর সমালোচনা করেছে। এভাবে চাবুক মারার ঘটনাকে এক নিষ্ঠুর এবং অমানবিক শাস্তি বলে বর্ণনা করছে তারা।
মার্কিন মানবাধিকার গোষ্ঠী ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’ (সিএইচআরআই)-এর এক কর্মকর্তা বলেন, “নিজের পছন্দমতো গান গাওয়া ও পোশাক পরার জন্য পারাস্তু আহমাদিকে চাবুক মারায় তার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে।”
নিন্দা জানিয়েছে ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ও। তারাও এই শাস্তিকে, নিষ্ঠুর, অমানবিক এবং অসম্মানজনক বলে বর্ণনা করেছে।
ইরানে ধর্মীয় নেতাদের চালু করা নারীদের জন্য কঠোর পোশাক নীতির বিরুদ্ধে আগেও সমালোচনা হয়েছে। এমনকি ইরানের ভেতরেও এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে।
২০২২ সালে ২২ বছর বয়সি মাহশা আমিনির মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ইরান। হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করেছিল ইরানের নীতি পুলিশ।
তার পর হেফাজতে থাকাকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর দেশ জুড়ে শুরু হয়েছিল প্রতিবাদ আন্দোলন।
