রাগ করে বাড়ি থেকে বের হওয়া কিশোরীকে বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেপ্তার ৩
রাত দেড়টার দিকে বাসটি ঢাকায় না গিয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছায়।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের ভেতরে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের বাসিন্দা ও বাসের চালক রবিউল কবির সরকার (২৫), নাটোর সদর উপজেলার হয়বদপুর গ্রামের বাসিন্দা ও বাসের সুপারভাইজার মাহবুবুর রহমান (৩০) এবং একই উপজেলার ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা ও চালকের সহকারী হালিম মোল্লা (২৯)।
মঙ্গলবার বিকালে গ্রেপ্তার ৩ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক (পদোন্নতিপ্রাপ্ত এএসপি) মোস্তাছিনুর রহমান।
তিনি জানান, এর আগে দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওই কিশোরী। এ সময় এইচপি পরিবহনের এক বাসের হেলপার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসে তোলেন। বাসটি রংপুর থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে সেটি ঢাকায় না গিয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছায়।
তখন অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বাসের ভেতরে কিশোরীকে একা পেয়ে চালক, তার সহকারী ও সুপারভাইজার মিলে ধর্ষণচেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তিনজনকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কিশোরীকে উদ্ধার করে ও তিনজনকে ভালুকা মডেল থানায় নিয়ে যায়।
কিশোরী সাংবাদিকদের বলে, সোমবার দুপুরে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। রাগ করে সে ঢাকায় যাওয়ার উদ্দেশে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। এ সময় বাসের হেলপার তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তোলেন। পরে চালক, হেলপার ও সুপারভাইজার পরিকল্পিতভাবে তাকে ভালুকায় নিয়ে আসেন এবং বাসের ভেতরে ধর্ষণচেষ্টা করেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
