Published : 20 Sep 2026, 08:31 PM
কথা, কবিতা ও গানে ব্রাহ্মণবাড়িয়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার রাতে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি আবদুন নূর বলেন, সাধারণ মানুষের মুক্তি ও দেশের স্বাধীনতার চেতনা শিল্পিত হয়েছে কবি সুকান্তের সৃষ্টিতে। মানবমুক্তির আন্দোলন-সংগ্রামে তিনি আজও সমান প্রাসঙ্গিক।
বক্তারা রাষ্ট্রীয়ভাবে কবি সুকান্তের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানিয়েছেন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জেলা আহ্বায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক খালেদ খান, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী ও শিক্ষক আবু হানিফ।
অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামীমা শিকদার দিনা, কবির কলমের সভাপতি হুমায়ূন কবীর এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ডা. প্রেমানন্দ দাস।
আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে কবি সুকান্ত রচিত ও তাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন কবি মাশরেকি শিপার ও রূপম রুপ।
এ ছাড়া সুকান্তের গান ও গণসংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট প্রণব ভট্টাচার্য, উপমা দেবনাথ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।