ইয়েমেনি সেনাদের ৬৬১ হামলা, তবুও এডেন দখলে অগ্রসর হুতিরা
হামলায় হুতি যোদ্ধাদের ১৭৩ জন নিহত অথবা আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালিয়েছে সরকারি সেনাবাহিনী। তারপরও অন্তর্বর্তী রাজধানী এডেন অভিমুখে অগ্রসর হচ্ছে বিদ্রোহী ওই গোষ্ঠী।
আল জাজিরা লিখেছে, এসব হামলায় হুতি যোদ্ধাদের ১৭৩ জন নিহত অথবা আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের অগ্রযাত্রার মধ্যেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।
সরকারি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সোমবার জানান, ‘চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।
এর মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামান হামলা, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।
সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে গত ৫ অক্টোবর। এর লক্ষ্য হচ্ছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, “এসব হামলায় ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হুতিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়েছে।”
তিনি বলেন, “সরকারি বাহিনী ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সমর্থন নিয়ে তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের মোকাবিলা করছে। একই সঙ্গে সামরিক অভিযান চলছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে।”
আল জাজিরা লিখেছে, সাম্প্রতিক এই সামরিক অভিযান এমন সময়ে চালানো হচ্ছে, যখন সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবেই বিপর্যয়ের সম্মুখিন হচ্ছে।
এরইমধ্যে লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালির কাছে কৌশলগত অবস্থানগুলো থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সেনাবাহিনী।
অবশ্য সেনাবাহিনীর দাবি, তারা বাব আল-মান্দেব থেকে সরে এসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষায় নিজেদের পুনর্বিন্যস্ত করেছে।
আল-জাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানিয়েছেন, হুতিরা লোহিত সাগর উপকূল বরাবর সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে।
মাওরির ভাষ্য, এর ফলেই সরকারি সেনাদের সেখানকার কিছু অবস্থান ছেড়ে যেতে হয়েছে। আর এ পরিস্থিতিতে এডেনের দিকে হুতিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা বাড়ছে।
হুতিদের নিষিদ্ধ করতে সংসদে বিল পাস
ইয়েমেনজুড়ে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনাকর ঘটনা ঘটেছে।
আল জাজিরা লিখেছে, ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করেছে। বিলটিতে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বিলটিতে হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
বিলটিকে এখন চূড়ান্ত আইনে রূপ দিতে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
