ভ্রমণে নতুন ধারা ‘হবি হাবস’
শুধু দর্শনীয় স্থান দেখা নয়, বরং শখ পূরণেই এখন ভ্রমণে বেরোচ্ছেন তরুণরা।
স্রেফ নতুন কোনও জায়গা দেখা বা বিলাসবহুল হোটেলে রাত কাটানো নয়; বরং নিজের পছন্দের শখ বা নেশাকে কেন্দ্র করেই এখন ভ্রমণের পরিকল্পনা সাজাচ্ছেন বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুরা।
আন্তর্জাতিক পর্যটন খাতের সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে নতুন এক ভ্রমণ ট্রেন্ড, যার নাম দেওয়া হয়েছে ‘হবি হাবস’। যেখানে সমমনা বন্ধু বা পরিবারের সদস্যরা মিলে পাজল মেলানো, ছবি তোলা, তারা দেখা বা উল বোনার মতো শখ পূরণের উদ্দেশ্যে বিশেষ কোনও গন্তব্যে ছুটে যাচ্ছেন।
ভ্রমণবিষয়ক আবাসন প্রতিষ্ঠান ‘ভার্বো’র বার্ষিক ভ্রমণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে প্রায় ৬৮ শতাংশ ভ্রমণকারী তাদের শখকেন্দ্রিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, যার মধ্যে জেন জি এবং মিলেনিয়াল তরুণদের হার ৭৯ শতাংশ।
এই সূত্রের বরাত দিয়ে জীবনধারা ও ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, এছাড়া ৩৮ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, পাঁচ বছর আগের তুলনায় বর্তমানে তাদের ভ্রমণ পরিকল্পনায় শখের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কোন শখগুলো বেশি জনপ্রিয়?
জরিপে দেখা গেছে, শখকেন্দ্রিক ভ্রমণের তালিকায় শীর্ষে রয়েছে পাজল ও বোর্ড গেমস। এর পরেই রয়েছে ফটোগ্রাফি বা আলোকচিত্র, রাতের আকাশে তারা দেখা বা ‘স্টারগেইজিং’, হস্তশিল্প বা ক্রাফটিং, উল বোনা ও সেলাই এবং পুরানো ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করা।
আন্তর্জাতিক ভ্রমণ প্রতিষ্ঠান ‘এক্সপিডিয়া গ্রুপ’-এর বৈশ্বিক জনসংযোগ বিভাগের সহ-সভাপতি মেলানি ফিশ প্রতিবেদনে উল্লেখ করেন, “ভ্রমণকারীরা এখন শুধু থাকার জায়গা খোঁজেন না; বরং প্রিয় মানুষদের সঙ্গে একত্রিত হয়ে পছন্দের কাজটি উপভোগ করার একটি উপলক্ষ্য খোঁজেন।”
কেন জনপ্রিয় হয়ে উঠছে ‘হবি হাবস’?
ভার্বোর তথ্যমতে, মানুষ এই ধরনের ভ্রমণ বেছে নিচ্ছেন মূলত তিনটি কারণে- নতুন পরিবেশে নিজের শখ উপভোগ করা (৪১ শতাংশ), সমমনা মানুষদের সঙ্গে সময় কাটানো (৪১ শতাংশ) এবং দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতা থেকে দূরে থাকা (৩৪ শতাংশ)।
দলগত দৌড় ও হাইকিং ট্রিপ আয়োজনকারী মার্কিন প্রতিষ্ঠান ‘রান ওয়াইল্ড রিট্রিটস’-এর জ্যেষ্ঠ ‘রিট্রিট লিডার’ লিজ আর্নল্ড জানান, মানুষ এখন উদ্দেশ্যমূলক ভ্রমণ চাইছেন, যা দলের সদস্যদের মধ্যে দ্রুত গভীর বন্ধন তৈরি করে।
নিজেদের শখকেন্দ্রিক ভ্রমণ যেভাবে সাজাবেন
হোটেলের আগে শখকে গুরুত্ব দেওয়া: লিজ আর্নল্ডের পরামর্শ অনুযায়ী, গন্তব্য নির্বাচনের সময় বিলাসবহুল হোটেলের বদলে শখের উপযোগী পরিবেশ বেছে নিতে হবে।
যেমন- হাইকিং বা দৌড়ানোর জন্য প্রকৃতির কাছাকাছি কোনও ট্রেইল এবং সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য বড় খাবার টেবিল বা খোলা বারান্দাযুক্ত আবাসন বেছে নেওয়া উচিত।
সবার উপযোগী পরিকল্পনা রাখা: যুক্তরাষ্ট্রের ভ্রমণ পরামর্শক ও ‘এলিভেট হসপিটালিটি কালেক্টিভ’-এর প্রতিষ্ঠাতা এমিলি জনসন বলেন, “দলের সবার দক্ষতা সমান নাও হতে পারে এবং কেউই ২৪ ঘণ্টা একই কাজ করতে চাইবেন না।”
তাই সবার খেলার বা কাজের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচি সাজাতে হবে এবং শখের কাজের বাইরেও যেন ঘুরে দেখার বা বিশ্রামের সুযোগ থাকে তা নিশ্চিত করতে হবে।
প্রয়োজনীয় সরঞ্জাম ভাগ করে নেওয়া: বোর্ড গেমস, ক্যামেরা বা ক্রাফটিংয়ের সরঞ্জাম কে কোনটি বহন করবেন, তা যাত্রার আগেই ঠিক করে নিলে ভ্রমণের সময় বাড়তি ঝামেলা এড়ানো যায়।
প্রতিযোগিতার বদলে আনন্দকে প্রাধান্য দেওয়া: লিজ আর্নল্ড মনে করিয়ে দেন, এই ভ্রমণের মূল উদ্দেশ্য কোনও রেকর্ড গড়া বা প্রশিক্ষণ নেওয়া নয়; বরং কোনও চাপ ছাড়াই শখের কাজটি উপভোগ করে মানসিক প্রশান্তি খুঁজে নেওয়া।
