‘যাপিত জীবন’ দেখলেন তৃতীয় লিঙ্গের দর্শক, আপ্লুত ভাবনা
“সমাজ যাদের ‘তৃতীয় লিঙ্গের মানুষ’ বলে পরিচয় দেয়, আমার কাছে তারা শুধুই মানুষ।”
দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি ও পারিবারিক গল্পের সিনেমা ‘যাপিত জীবন’ দেখলেন তৃতীয় লিঙ্গের একদল দর্শক।
তারা সিনেমাটি দেখেছেন টিকেট কেটে। প্রদর্শনীর পর তাদের সঙ্গে দেখা করেন সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ওই অভিজ্ঞতা তুলে ধরতে গ্লিটজকে তিনি বলেন, “সমাজ যাদের ‘তৃতীয় লিঙ্গের মানুষ’ বলে পরিচয় দেয়, আমার কাছে তারা শুধুই মানুষ। তাদের অনুভূতি আছে, ভালোবাসা আছে, আর আমাদের মতই সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে।”
দর্শকদের এই ভালোবাসাকে জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
ভাবনা বলেন, “তারা আমাকে আপন মনে করেন, ভালোবাসেন। নিজেদের উপার্জনের টাকায়, নিজেদের ভালোবাসা থেকেই তারা ছুটে এসেছিলেন আমার সিনেমা দেখতে। সিনেমা শেষ হওয়ার পর তাদের সঙ্গে দেখা করতে আমিও ছুটে গিয়েছিলাম। এই ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
দর্শকদের প্রেক্ষাগৃহে এসে ‘যাপিত জীবন’ দেখার অনুরোধ জানিয়ে ভাবনা বলেন, “অনেক দিন অনেক কষ্ট করে বানিয়ে আমাদের যাপিত জীবন রিলিজ দিলাম। সবার সিনেমাটি দেখানো উচিত।”
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের ‘যাপিত জীবন’ সিনেমাটি গত শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এর মাধ্যমে প্রথমবারের মত বাবার পরিচালনায় বড় পর্দায় অভিনয় করলেন ভাবনা।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী; এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন তারা।
আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি ও ডলি জহুর।
চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
রাজবাড়ীর গোয়ালন্দে টানা সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছিল।
