০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ অনুমতি না দিতে প্রশাসনকে নির্দেশ হুইপের

তিনি বলেন, “আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।”

হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ অনুমতি না দিতে প্রশাসনকে নির্দেশ হুইপের

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 09:48 PM

Updated : 09 Nov 2026, 09:48 PM

হবিগঞ্জে ‘গ্রাম্য গান-বাজনার’ আসরের অনুমতি না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

তিনি বলেছেন, “গ্রাম্য গান-বাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লাখ ভোটার, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এইখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।”

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জি কে গউছ এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোনো অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।”

বাণিজ্যমেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা ও জুয়ার আসর বসানো নিয়েও আপত্তি জানান হুইপ। তিনি বলেন, “বাণিজ্যমেলা, শিল্পমেলা, বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়ার আসর- এসব যেন না হয়। আমাদের এখানে ব্যবসা-বাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছেন, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলেন, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।”

জি কে গউছ বলেন, “আমি আজ ফরমালি ডিসি সাহেবকে অনুরোধ করব, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে, আর কোনো সমস্যা যেন আমরা ডেকে না আনি।”

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।