প্রতিমন্ত্রীর বক্তব্যে ‘ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ দেখছে টিআইবি
ইফতেখারুজ্জামান বলেন, “যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।”
ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহারকে ‘ঘুষ নয়’ বলে মন্তব্য করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতিমন্ত্রী উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মত অপরাধকে ‘বৈধতা দেওয়ার চেষ্টা’ করছেন কি না, সেই প্রশ্ন তুলেছে সংস্থাটি।
বুধবার এক বিবৃতিতে টিআইবি বলেছে, মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ‘ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়’।
টিআইবির প্রশ্ন, “সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মত ব্যক্তিগত সুবিধা নিতে বলে কি প্রতিমন্ত্রী প্রকারান্তরে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন?”
অবিলম্বে প্রতিমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রী এবং এ বক্তব্যের পেছনে যে সিনিয়র সচিবের পরামর্শের কথা এসেছে, তাদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন?”
এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী ঘুষকে বৈধতা দিচ্ছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, “প্রতিমন্ত্রী প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।
“‘নতুন করে চিন্তা’ করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তাঁর এই বক্তব্য সরকারের অবস্থান কি না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।”
টিআইবির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’: মন্ত্রণালয়
এদিকে টিআইবির বক্তব্যকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদও দিয়েছিলেন তিনি।
মন্ত্রণালয়ের ভাষ্য, সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার।”
মন্ত্রণালয় বলেছে, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় আগের দিনের বক্তব্যের জন্য ‘দুঃখ প্রকাশ করে ক্ষমা চান’ প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তার ওই অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেন।
এ বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও প্রতিমন্ত্রীর ভাষ্যে দাবি করা হয়েছে বিবৃতিতে।
