২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক হয়েছিল এফবিআইয়ের ডেটাবেইস: সিএনএন

গত কয়েক মাসের মধ্যে এটি এফবিআইয়ের কোনো সিস্টেমে দ্বিতীয় সাইবার হামলার ঘটনা।

হ্যাক হয়েছিল এফবিআইয়ের ডেটাবেইস: সিএনএন

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 12:58 AM

Updated : 22 Nov 2026, 12:58 AM

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— এফবিআইয়ের একটা ডেটাবেইসে সাইবার হামলা হওয়ার খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এ বিষয়ে এরই মধ্যে এফবিআইয়ের তদন্ত শুরু হওয়ার তথ্যও দিয়েছে সংবাদমাধ্যমটি।

সিএনএন লিখেছে, তদন্ত সম্পর্কিত দুই ব্যক্তি তাদেরকে হ্যাক হওয়ার তথ্যটি দিয়েছে।

যে ডেটাবেইস হ্যাক হয়েছে, সেটি একটি জাতীয় তথ্যভাণ্ডার। অপরাধসংক্রান্ত তথ্য আদান-প্রদানে দেশটির কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই ডেটাবেইস ব্যবহার করে থাকে।

ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামে এই তথ্যভান্ডারে অনুপ্রবেশ ঘটে থাকলে তা হবে সাম্প্রতিক মাসগুলোতে এফবিআইয়ের কোনো সিস্টেমে দ্বিতীয় সাইবার হামলার ঘটনা।

সিএনএনের বরাতে সিএনবিসি ও রয়টার্সসহ আরও অনেক সংবাদমাধ্যম ডেটাবেইস হ্যাক হওয়ার খবরটি প্রকাশ করেছে।

এর মধ্যে রয়টার্স লিখেছে, তারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো সাড়া আসেনি।

এই তথ্যভান্ডার গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধের ইতিহাস ও ব্যক্তির পরিচয় যাচাইসংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদান করা হয়।

গত এক সপ্তাহে সাইবার বিপর্যয়ের বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। এর মধ্যে মাইক্রোসফটের সেবা বিশ্বজুড়ে বিঘ্নিত হওয়ার ঘটনা আছে। উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয় ১৮ হাজারের বেশি ফ্লাইট।