১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর মাদক সম্রাট ফিলিক্স গায়ার্দোর গল্প থামল বন্দিদশায় হাসপাতালে

মিগেল এঞ্জেল ফিলিক্স গায়ার্দোকে ইতিহাসের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে বিবেচনা করা হয়।

মেক্সিকোর মাদক সম্রাট ফিলিক্স গায়ার্দোর গল্প থামল বন্দিদশায় হাসপাতালে

মিগেল এঞ্জেল ফিলিক্স গায়ার্দো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:48 PM

Updated : 16 Nov 2026, 12:48 PM

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট মিগেল এঞ্জেল ফিলিক্স গায়ার্দো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা গেছেন।

বিবিসি লিখেছে, ফিলিক্স গায়ার্দোকে ইতিহাসের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে বিবেচনা করা হয়।

কলম্বিয়ার অপরাধী চক্রগুলোর সঙ্গে মেক্সিকান মাদক চক্রের জোট গড়ে তোলার ‘কৃতিত্ব’ দেওয়া হয় ফিলিক্স গায়ার্দোকে। মাদক মাফিয়া জগতে তিনি পরিচিত ছিলেন ‘দ্য গডফাদার’ বা ‘বস অব বসেস’ নামে।

ফিলিক্স গায়ার্দো ছিলেন মেক্সিকান মাদক কারবারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গুয়াদালাজারা কার্টেলের প্রধান।

১৯৮০-এর দশকে যখন কোকেনের ব্যবসা রমরমা, তখন মেক্সিকোতে মাদকের কারবারে এই কার্টেলের ছিল একচ্ছত্র আধিপত্য।

আল জাজিরা লিখেছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর একটি কারাগারে ১৯৮৯ সাল থেকে বন্দি ছিলেন ফিলিক্স গায়ার্দো। ওই বছর গ্রেপ্তারের পর তাকে কয়েক দশকের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

যদিও তার আইনজীবীরা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বারবার তাকে কারাগারের বদলে গৃহবন্দি রাখার আর্জি তুলেছিলেন, কিন্ত তাতে কাজ হয়নি।

স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, ফিলিক্স গায়ার্দোকে দুই দিন আগে কারাগার থেকে গুয়াদালাজারা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

তার শরীরের বেশিরভাগ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছিল না। শেষ পর্যন্ত রোববার দুপুর ২টার দিকে তিনি মারা যান।

বিবিসি লিখেছে, মাদকের কারবারে ফিলিক্স গায়ার্দো এমন এক কৌশল চালু করেছিলেন, যা এখনো পাচারকারীদের জগতে প্রচলিত।

মাদক পাচারের ইতিহাসে ফিলিক্স গায়ার্দোর নাম এতটাই আলোচিত, যা তাকে কলম্বিয়ার পাবলো এসকোবারের পরেই স্থান দিয়েছে।

ফিলিক্স গায়ার্দো এমন একটি মাদক পাচারকারী দলের নেতৃত্ব দিয়েছেন, যারা কলম্বিয়ার মাদক চক্রগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে পুরো অঞ্চলের পাচারব্যবস্থায় বিপ্লব ঘটিয়ে দেয়।

বিশেষ করে এসকোবারের অধীনে থাকা মাদকচক্র মেডেলিন কার্টেলের সঙ্গে জোট বেঁধে আন্দিজ অঞ্চলে কোকেন উৎপাদন এবং মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে তা পাচারের রুট গড়ে তোলেন তিনি।

এক সময় যুক্তরাষ্ট্রে ঢোকা মোট কোকেনের প্রায় ৮০ শতাংশই যেত মেডেলিন কার্টেলের মাধ্যমে। এই বিপুল পরিমাণ কোকেন সরবরাহে বড় ভূমিকা ছিল ফিলিক্স গায়ার্দোর গুয়াদালাজারা কার্টেলের।

দলের প্রতাপ যখন সর্বোচ্চ পর্যায়ে, সেই সব দিনে মেক্সিকোর রাজনীতি ও আইনশৃঙ্খলাবাহিনীর ওপরও ব্যাপক প্রভাব ছিল গুয়াদালাজারা কার্টেলের। এমনকি বিভিন্ন পুলিশ নেটওয়ার্ক এবং রাজ্য সরকারের ওপরও ছিল এই চক্রের নিয়ন্ত্রণ।

পতনের শুরু

১৯৮৫ সালে মার্কিন মাদক নিয়ন্ত্রণ (ডিইএ) কর্মকর্তা এনরিকি কিকি কামারেনাকে হত্যার পর গুয়াদালাজারা কার্টেলের নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও চাপ বাড়তে থাকে।

কামারেনা মেক্সিকোর চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে একটি বিশাল গাঁজার খামারের সন্ধান পেয়েছিলেন এবং সেটি ধ্বংসের ব্যবস্থা করেছিলেন। ওই ঘটনায় কার্টেল নেতাদের রোষাণলে পড়েন তিনি।

তিনি নিহত হওয়ার পর উত্তর আমেরিকায় সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান শুরু করে মার্কিন সরকার।

১৯৮৯ সালে ফিলিক্স গায়ার্দো গ্রেপ্তার হন এবং তাকে কয়েক দশকের কারাদণ্ড দেওয়া হয়। শেষ পর্যন্ত নিজের শহর গুয়াদালাজারার একটি হাসপাতালে মারা গেলেন তিনি।

এল চাপোর কার্টেলের উত্থান

১৯৮০ সালের দিকে আরেক মাদক লর্ড হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের সঙ্গে ফিলিক্স গায়ার্দোর পরিচয় হয়। গুজমানকে নিজের মাদক পাচারচক্রের সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার দায়িত্ব দেন ফিলিক্স গায়ার্দো।

তিনি গ্রেপ্তার হওয়ার পর তার কার্টেলটি ভেঙে বেশ কয়েকটি দল তৈরি হয়। সেই ভাঙনের মধ্য থেকেই সিনালোয়া কার্টেলের উত্থান ঘটে, যার নেতৃত্বে ছিলেন গুজমান। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন মাদক জগতের আরেক আলোচিত নাম।

২০১৯ সালে অর্থ ও মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার গুজমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তারপর থেকে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে কারাবন্দি রয়েছেন।

টেলিভিশন সিরিজে ফিলিক্স গায়ার্দো

মিগেল এঞ্জেল ফিলিক্স গায়ার্দোর জীবন নিয়ে একাধিক টেলিভিশন অনুষ্ঠান ও সিরিজ হয়েছে। এর মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’ অন্যতম।

এ সিরিজে ফিলিক্স গায়ার্দোর ক্ষমতার উত্থান, মাদক সাম্রাজ্য গড়ে তোলা এবং এল চাপো গুজমানের সঙ্গে তার সম্পর্ক চিত্রায়িত হয়েছে।