চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
“তারা এগুলো কোথায় পেয়েছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন ওসি আব্দুল হালিম।
চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার বিকালে জোরারগঞ্জ থানার নয়টিলা মাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে এ তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন, ৩৪ বছর বয়সি ইবনে জাহিদ ও ৪৪ বছর বয়সি সালাহ উদ্দিন আকবর। তাদের বাড়ি ফেনীতে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ পয়েন্ট ৬২ বোরের বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, তারা পিস্তল ও গুলি কোথা থেকে কীভাবে সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, সেটি জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
