২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে বাসে তল্লাশি, নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি

গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:19 PM

Updated : 26 Oct 2026, 06:19 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে এ তথ্য জানান রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান।

আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

ওসি বলেন, ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি করে স্বপ্না আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।