আনোয়ার ইব্রাহিমের সফর বাতিল মালয়েশিয়ার ‘রাজনৈতিক অস্থিরতায়’: শামা
একই কারণে তিনি থাইল্যান্ড সফরও বাতিল করেছেন।
মালয়েশিয়ায় চলমান ‘রাজনৈতিক অস্থিরতার’ কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, “ওইটা তো পরিষ্কারভাবেই আপনারা সাংবাদিকরাই দেখেছেন যে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসার অবশ্যই একটি আসার একটা ডেট ছিল, কিন্তু ওনাদের মালয়েশিয়াতেই উনাদের ইন্টারনাল পলিটিকাল একটা টার্ময়েল চলছে।
“উনি শুধু বাংলাদেশ না, উনার বাংলাদেশের পরে থাইল্যান্ড সফর করার কথা ছিল। তো সেই কারণে উনার সফরটা বাতিল হয়েছে বলে মালয়েশিয়ার ফরেন অফিস থেকেও আমাদেরকে একই কথা জানিয়েছে।”
এর আগে দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর আনোয়ার ইব্রাহিমের ঢাকায় আসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হওয়ার কথা ছিল এটি।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গত ২৩ নভেম্বর এক আদেশে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরের সময় আনোয়ার ইব্রাহিমকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছিল সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে গত জুনে মালয়েশিয়া যান। তখনই আনোয়ার ইব্রাহিমকে আমন্ত্রণ জানান তারেক রহমান।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।
