৪ দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
রাত সোয়া ১২টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে টোকিওর পথে রওনা হন সরকারপ্রধান।
চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিওর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও আছেন।
রোববার রাত সোয়া ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর পথে রওনা হন সরকারপ্রধান।
যাত্রা শুরুর এ তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান রাষ্ট্রীয় এ সফর শুরু করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর করছেন তারেক রহমান। তিনি ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সফরসঙ্গীর তালিকায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ আছেন।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারি শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও আছেন সফরসঙ্গী হিসেবে।
প্রতিনিধিদলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানও আছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ তার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন সফরসঙ্গী হিসেবে।
রাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, চিফ হুইফ নূরুল ইসলাম মনিসহ সরকারের ঊধর্তন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে। বৈঠকের পর আসবে যৌথ ঘোষণা।
ঘোষণায় কী থাকতে পারে, সেই বিষয়ে সম্প্রতি একটি আভাস দিয়েছে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই।
সংবাদপত্রটির বরাতে রয়টার্স লিখেছে, ঘোষণাপত্রে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি ডলারের বিনিয়োগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেবে জাপান।
আগামী পাঁচ বছরের মধ্যে তারা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়।
নিক্কেইয়ের খবর অনুযায়ী, বিনিয়োগের বড় একটা অংশ ব্যয় হতে পারে গাড়ি ও জ্বালানি স্থাপনা নির্মাণের পেছনে।
তবে নিক্কেইয়ের এই প্রতিবেদন নিজেরা আলাদাভাবে যাচাই করতে না পারার কথা লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
