২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় স্টিল মিলে কনটেইনার চাপায় অপারেটরের মৃত্যু

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:42 PM

Updated : 29 Nov 2026, 07:42 PM

রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে ক্রেইন দিয়ে মালবাহী কনটেইনার নামানোর সময় সেটির নিচে চাপা পড়ে অপারেটর লাইবুল হাসান নিহত হয়েছেন।

রোববার বিকাল ৪টার দিকে ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ডের গলকাটা এলাকার মোহাম্মাদিয়া স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সি লাইবুল রংপুরের তারাগঞ্জ থানার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ফজলে হক ও লাইলী বেগমের ছেলে।

ডেমরা থানার এসআই রাসেল সরদার জানান, বিকালে স্টিল মিলটিতে ক্রেইনের সাহায্যে একটি মালবাহী কনটেইনার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কনটেইনারটি ছিটকে নিচে পড়ে গেলে অপারেটর লাইবুল মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।