২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে: মালিক সমিতি

বাকি তিন দিন রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে এবং মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে সরকার ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য সমিতির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:48 PM

Updated : 29 Nov 2026, 07:48 PM

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের যে নিয়ম চালু রয়েছে সরকার তা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য দিয়েছে দোকান মালিক সমিতি।

সংগঠনটি বলছে, এখন থেকে সপ্তাহে তিনদিন রাত ১০টা এবং বাকি তিনদিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

তবে সপ্তাহের কোন তিনদিন রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সমিতি বলছে, বৈঠকে মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, বিদ্যুৎ বিভ্রাট কমানো, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ নিয়ে গ্রাহকদের অভিযোগ এবং বিদ্যুৎ সংযোগের তার চুরি বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে। যেসব মার্কেট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে চায়, তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

তবে সৌরবিদ্যুৎ প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিতে হবে। এরপরও নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।

দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও বৈঠকে তুলে ধরেন ব্যবসায়ীরা। সমিতির দাবি, সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সাধারণ মানুষ এসব বিভ্রাটকে লোডশেডিং বলে মনে করেন।

থাইল্যান্ডের সঙ্গে তুলনা করে সংগঠনটি বলেছে, দেশটিতে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিট বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। অথচ বাংলাদেশে দিনে তিনবার হিসাবে একজন গ্রাহক বছরে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন।

বিদ্যুৎ বিভ্রাট কমাতে সমিতির সভাপতি হেলাল উদ্দিনের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়েও গ্রাহকদের অসন্তোষের কথা বৈঠকে তুলে ধরে সমিতি। সংগঠনটি বলছে, দুই হাজার টাকা রিচার্জ করার পর মিটারে তার চেয়ে অনেক কম টাকা দেখা যায়। এ কারণে গ্রাহকদের মধ্যে প্রিপেইড মিটার নিয়ে ভীতি তৈরি হয়েছে।

মিটার ভাড়া বাতিল করা হলেও পরিপত্র না থাকায় এখনও তা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে সমিতি।

গ্রাহক যত টাকা রিচার্জ করবে, মিটারের পর্দায় যেন তত টাকাই দেখা যায়, সে প্রস্তাব দিয়েছে সংগঠনটি। ডিমান্ড চার্জ, ভ্যাটসহ অন্যান্য খরচ সফটওয়্যারের মাধ্যমে কেটে রাখার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী এ প্রস্তাব গ্রহণ করেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন থেকে মিটারে যে টাকা চার্জ করা হবে তাই প্রদর্শন করবে।”

বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরির বিষয়টিও বৈঠকে তুলে ধরে সমিতি। এ ধরনের চুরিতে শত শত গ্রাহকের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে তার চুরি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ইরান যুদ্ধের জেরে আমদানি ব্যাহত হওয়ায় দেশে জ্বালানি সংকট দেখা দিলে বিদ্যুৎ সাশ্রয়ে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার। পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

কোরবানির ঈদ সামনে রেখে গত ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। জুন থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি ছিল।

বিদ্যুৎ সাশ্রয়ে গত ১২ অগাস্ট সেই সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় নির্ধারণ করে দেয় সরকার।

এরপর দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়। গত ২৩ অক্টোবর থেকে আবার রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নিয়ম কার্যকর হয়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। ২০২২ সালে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ বিধান কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল সরকার।